নিজে কাজ করছেন অন্য নারীদেরও কাজের সুযোগ করে দিচ্ছেন

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: পরিবারের গণ্ডি পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জেদ আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে কীভাবে একজন নারী কেবল নিজের ভাগ্যই বদলান না, বরং এলাকার শত শত অবহেলিত নারীর কর্মসংস্থানের পথ তৈরি করতে পারেন, তার এক উজ্জ্বল উদাহরণ গাইবান্ধার এই লড়াকু নারী উদ্যোক্তা। ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে হস্তশিল্প, বুটিকস ও দর্জি কাজের মাধ্যমে তিনি আজ গ্রামীণ জনপদে নারী ক্ষমতায়নের এক অনন্য প্রতীকে পরিণত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, স্কুলজীবন থেকেই নিজের কিছু করার তীব্র আগ্রহ ছিল তার। সময়ের বিবর্তনে ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে বুটিক্স পণ্যের পাইকারি ব্যবসা শুরু করেন তিনি, যা স্থানীয় চাহিদা মিটিয়ে রংপুরের বিভিন্ন শোরুমেও সরবরাহ করা হতো। পরবর্তীতে গ্রামীণ এলাকার বেকার ও অস্বচ্ছল নারীদের ঘরে বসে অলস সময় না কাটিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে তাদের কাজের সাথে যুক্ত করেন। ভরাট কাজ, গুজরাতি কাজ, কাঁথা স্টিচসহ নানা ধরনের হস্তশিল্পের কাজ শিখিয়ে তিনি নারীদের কর্মক্ষম করে তোলেন। বর্তমানে তার তত্ত্বাবধানে প্রায় দেড় শতাধিক নারী নিয়মিত কাজ করছেন এবং বর্তমানে তার কাছে ১৫০টি শাড়ির কাজের বড় অর্ডারও রয়েছে। নিজে একসময় কাটিং না জানলেও মোবাইল ও অনুশীলনের মাধ্যমে নিখুঁত কাটিং মাস্টার হয়ে ওঠেন এবং থ্রি-পিস, শাড়ি, বেডশিট ও শীতের চাদর তৈরির পাশাপাশি এলাকার নারীদের প্রশিক্ষণ দেন। সাদুল্লাপুর, বোনারপাড়া ও সুন্দরগঞ্জসহ আশপাশের অঞ্চলে তার এই প্রশিক্ষণ ও কাজের পরিধি ছড়িয়ে পড়েছে। স্বামী চাকরি করলেও সংসারের বাড়তি জোগান দিতে এবং নিজের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজে অবদান রাখতে তিনি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী দিনে আরও দুই শতাধিক নারীকে নিজের কাজের পরিধিতে এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সংগ্রামী নারী।

অভাব আর সীমাবদ্ধতাকে জয় করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদের আলোর পথ দেখানো এই নারী উদ্যোক্তার জীবনকাহিনি গ্রামীণ সমাজে এক দারুণ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।