কলেজ শিক্ষকের হাত ধরে গ্রামীণ জনপদে সফল আঙুর চাষ

কৃষি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আঙ্গুর চাষ অসম্ভব বা অনুকূল নয়—এমন ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করে তাক লাগিয়ে দিয়েছেন এক উদীয়মান কৃষিবিদ ও কলেজ শিক্ষক। শখের বশে মাত্র দুটি গাছ দিয়ে শুরু করা তার আঙুর চাষ আজ রূপ নিয়েছে এক সমৃদ্ধ বাণিজ্যিক বাগানে। আমদানিকৃত ফরমালিনযুক্ত ফলের ওপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বিষমুক্ত আঙ্গুর ফলিয়ে তিনি এখন স্থানীয় তরুণ ও কৃষকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী এই শিক্ষক ২০১৯ সালে কুড়িগ্রাম থেকে দুটি আঙ্গুর গাছের চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় রোপণ করেন। পরবর্তীতে যত্ন ও সঠিক পরিচর্যার মাধ্যমে গাছগুলোতে চমৎকার ফলন আসায় তার উৎসাহ বহুগুণ বেড়ে যায়। বর্তমানে তার ৭-৮ শতক জমির বাগানে বাইকনুর, ভ্যালেন্স, ডিক্সন, লরাস এবং গ্রিন লংয়ের মতো বিশ্বমানের ২২ থেকে ২৬ প্রজাতির প্রায় তিন-চারশ আঙ্গুর গাছ রয়েছে। প্রতিটি থোকা গড়ে ৪০০ থেকে ৮০০ গ্রাম, এমনকি কোনো কোনোটি ১ কেজিরও বেশি ওজনের হয়ে থাকে। গাছের সুষম বৃদ্ধির জন্য রাসায়নিক সারের পরিবর্তে গোবর কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়। বাজারে আমদানিকৃত বিদেশি আঙ্গুরে নানা ক্ষতিকারক কেমিক্যাল ও ফরমালিন মেশানো থাকে যা মানবদেহের লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। অথচ এই দেশীয় ও প্রাকৃতিক উপায়ে উৎপাদিত আঙ্গুর সম্পূর্ণ নিরাপদ, সুস্বাদু ও পুষ্টিকর। একটি সুস্থ আঙ্গুর গাছ সঠিক পরিচর্যা পেলে টানা ৩০ বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে তিনি এখন স্থানীয় আগ্রহী কৃষকদের চারা সরবরাহের পাশাপাশি কাটিং, গ্রাফটিং ও প্রুনিংয়ের মতো আধুনিক কৌশল হাতে-কলমে শিখিয়ে দিচ্ছেন।

শিক্ষকতার পাশাপাশি কৃষি খাতে এমন সৃজনশীল ও ফলপ্রসূ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে।