প্রথমবার ২ লাখ টাকা লোকসান এবার মালচিং পদ্ধতিতে মরিচ চাষে সফলতার হাসি
কৃষি
নিজস্ব প্রতিবেদক: কৃষি কাজে একবার বড় ধরনের হোঁচট খেয়ে অনেকেই যখন চিরতরে মুখ ফিরিয়ে নেন, তখন সেই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে নতুন প্রযুক্তির ছোঁয়ায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন এক লড়াকু কৃষক। সনাতন পদ্ধতির চাষাবাদে দুই লাখ টাকা লোকসান গুনেও মনোবল হারাননি তিনি। আধুনিক ‘মালচিং পদ্ধতি’ ও উন্নত জাতের চারা ব্যবহার করে মরিচ চাষে বাম্পার ফলন ফলিয়ে গ্রামীণ জনপদে তাক লাগিয়ে দিয়েছেন এই উদ্যोমী মানুষটি।
খোঁজ নিয়ে জানা যায়, অতীতে সনাতন পদ্ধতিতে আড়াই বিঘা জমিতে মরিচ চাষ করতে গিয়ে অতিরিক্ত বৃষ্টিপাত, গাছের গোড়া পচে যাওয়া এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। সেই সময় প্রায় দুই লক্ষ টাকা লোকসান হলেও তিনি দমে যাননি। এবার চাষাবাদে পরিবর্তন এনে আধুনিক ‘মালচিং পেপার’ বিছিয়ে এবং ৪২ ডিগ্রি তাপমাত্রা সহনশীল ভারতীয় এফ-১ জাতের চারা (কিং হট ১১০২) রোপণ করে ৩ বিঘা জমিতে মরিচ চাষ শুরু করেন। মালচিং পদ্ধতিতে চাষ করায় বৃষ্টির পানিতে গাছের গোড়ার মাটি ধুয়ে যায় না এবং ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও গাছ সুরক্ষিত থাকে। এছাড়া এই পদ্ধতিতে জমির আগাছা দমন হওয়ায় দীর্ঘমেয়াদে ৮-১০ বার নিড়ানি দেওয়ার বাড়তি খরচ ও শ্রম থেকে মুক্তি মিলেছে। বর্তমানে তার ক্ষেতের প্রতিটি গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে বড় সাইজের মরিচ পাওয়া যাচ্ছে। প্রথম দিকে প্রতি কেজি মরিচ ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে মানভেদে ২৩২ টাকা কেজি দরে তা বাজারে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে তিনি প্রায় ৪ মণ মরিচ বাজারজাত করেছেন এবং গাছ প্রতি ১ কেজির বেশি ফলন পাওয়ার আশা করছেন। কৃষির এই আয় থেকে ভবিষ্যতে একটি গরুর খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
প্রতিকূলতা ও বড় ধরনের লোকসানকে পেছনে ফেলে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিকে লাভজনক ব্যবসায় রূপান্তর করার এই সংগ্রামশীল কৃষকের সাফল্য অন্য যুবকদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।