লেখাপড়া শেষ করেও মিলেনি চাকরি সাইকেলেই ফেরি করে

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: লেখাপড়া শেষ করেও মেলেনি কাঙ্ক্ষিত চাকরি, তার ওপর বৃদ্ধ মা-বাবার সংসার ও কিস্তির চাপ। তবে হতাশ হয়ে বসে না থেকে কিংবা অন্যের ওপর নির্ভর না করে সততার সাথে জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছেন এক তরুণ। সাইকেলে নানা পণ্য নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে এখন প্রতিদিন প্রায় ২ হাজার টাকা আয় করছেন তিনি।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বাদেখালী গ্রামের এই তরুণ জানান, শুরুতে অন্যের অধীনে মাত্র ৩০০ টাকা দৈনিক চুক্তিতে ফেরি করার কাজ শুরু করেছিলেন। পরে কঠোর পরিশ্রমে জমানো টাকা এবং ২০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে নিজের ব্যবসা দাঁড় করান। বর্তমানে তার ব্যবসায় প্রায় ৫০,০০০ টাকার পণ্য রয়েছে।

তার সাইকেলের ফেরিতে রয়েছে নানা বয়সের মানুষের প্রয়োজনীয় প্রসাধন সামগ্রী, চুড়ি, কানের দুল, চেইন, শিশুদের খেলনা, স্টিল ও সিলভারের হাড়ি-পাতিল। আকর্ষণীয় উপায়ে ক্রেতাদের টানতে বগুড়া থেকে বিশেষ অডিও রেকর্ড বানিয়ে মাইক বাজিয়ে গ্রামে গ্রামে ফেরি করেন তিনি। এছাড়া নগদ টাকার পাশাপাশি গ্রামবাসীর কাছ থেকে মাথার চুল (যা ৮ হাজার টাকা কেজিতে বিক্রি হয়) ও পুরানো অচল মোবাইল দিয়েও মালামাল কেনাবেচা করেন তিনি।

ফুলছড়ির বিভিন্ন গ্রাম, কালীর বাজার, তালুকজামিরাসহ আশপাশের এলাকায় ঘুরে তিনি পণ্য বিক্রি করেন এবং প্রতি ৩ দিন পরপর গাইবান্ধা শহরের পাইকারি বাজার থেকে নতুন পণ্য সংগ্রহ করেন।

তিনি বলেন, "চাকরি না পেয়ে বসে থাকার চেয়ে নিজে কষ্ট করে আয় করা অনেক সম্মানের। কারো কাছে চুরি-ডাকাতি না করে ঘাম ঝরিয়ে খাচ্ছি, এতেই আমার শান্তি।" ভবিষ্যতে শারীরিক পরিশ্রম কমাতে একটি ভ্যানগাড়ি কিনে ব্যবসার পরিধি আরও বড় করার এবং নিজের উপার্জনে স্থায়ী বাড়িঘর ও সংসার গড়ে তোলার স্বপ্ন দেখছেন এই আত্মপ্রত্যয়ী যুবক।