কাঁসা-পিতলের বাজার এখন হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কেন্দ্রিক
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যের ধারক কাঁসা ও পিতলের তৈজসপত্র একসময় বাঙালির ঘরে ঘরে অপরিহার্য ছিল। বিয়ের উপহার থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার—সবখানেই ছিল এদের রাজত্ব। কিন্তু সময়ের স্রোতে সেই চিত্র এখন পুরোপুরি বদলে গেছে। বর্তমানে এসব পণ্যের ক্রেতা ও ব্যবহারকারী মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা তাদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে এগুলো ব্যবহার করেন।
ব্যবসায়ীরা জানান, স্বাধীনতার পরবর্তী সময়ে স্টিল, সিরামিক এবং পরে সিলভারের সস্তা ও টেকসই বিকল্প আসায় কাঁসা-পিতলের চাহিদায় বড় ধস নামে। নব্বইয়ের দশকের আগ পর্যন্ত ব্যবসাটি ভালো চললেও বর্তমানে আগের মতো ক্রেতা পাওয়া যায় না। একসময়ের জনপ্রিয় অনেক দোকান এখন ব্যবসা গুটিয়ে সিলভারের ব্যবসায় চলে গেছে,।
বর্তমানে গাইবান্ধার ইসলামপুর, কুষ্টিয়া বা চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা উন্নতমানের কাঁসা ও পিতলের সামগ্রী বিক্রি করা হয়। বিয়ের মৌসুমে পূজা-পার্বণ বা সামাজিক অনুষ্ঠানের জন্য এসব পণ্যের চাহিদা থাকলেও সামগ্রিকভাবে ব্যবসাটি এখন অনেকটা সীমাবদ্ধ। বিক্রেতারা বলছেন, "ক্রেতারা এখনো খাঁটি কাঁসা-পিতল খোঁজেন। আমরাও সুনাম ধরে রাখতে ভালো মানের পণ্য সরবরাহ করছি,।"
বাজারের অস্থিতিশীলতা ও বিকল্প পণ্যের দাপটে ঐতিহ্যবাহী এই শিল্প ধুঁকছে সত্য, তবুও ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষঙ্গ হিসেবে কাঁসা-পিতল এখনো তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
