মাত্র ৮০ টাকায় হাঁসের মাংস ও গরম খিচুড়ি

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: সাধারণত হাঁসের মাংস এবং সুস্বাদু খিচুড়ির নাম শুনলেই বেশ চড়া দামের কথা মাথায় আসে, যা নিম্নবিত্ত বা শিক্ষার্থীদের সাধ্যের বাইরে। কিন্তু সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়ে মাত্র ৮০ টাকায় দুই পিস হাঁসের মাংস ও সালাদসহ এক প্লেট পরিপূর্ণ খিচুড়ি সরবরাহ করে গাইবান্ধা অঞ্চলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন এক উদ্যোমী উদ্যোক্তা। সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও সুস্বাদু খাবার পরিবেশন করে তিনি যেমন সাধারণ মানুষের মন জয় করেছেন, তেমনি খাদ্য ব্যবসার এক নতুন উদাহরণ সৃষ্টি করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার ‘মমতাজ চিকেন চাপঘর’ নামের প্রতিষ্ঠানে এর আগে মাত্র ৬০ টাকায় সুস্বাদু চিকেন বিরিয়ানি বিক্রি করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই উদ্যোক্তা। পরবর্তীতে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে মেন্যুতে নতুন সংযোজন হিসেবে যুক্ত করা হয়েছে এই হাঁসের মাংসের খিচুড়ি। সচরাচর দেশের অন্যান্য স্থানে হাঁসের মাংসের খিচুড়ি ১২০ থেকে ১৫০ টাকার নিচে পাওয়া না গেলেও, নিম্ন আয়ের মানুষ ও ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে মাত্র ৮০ টাকায় তা বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ প্লেট খিচুড়ি বিক্রি হচ্ছে এবং সামনে শীতকালকে কেন্দ্র করে এর চাহিদা আরও বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। ঘরোয়া ও মানসম্মত মসলার ব্যবহারে অত্যন্ত যত্নের সাথে এই হাঁসের মাংস রান্না করা হয়, যাতে দাম কম হলেও স্বাদের মান নিয়ে কোনো আপস না হয়। দুপুর ২টা থেকে রাত ৮-৯টা পর্যন্ত এই প্রতিষ্ঠানে এসে খাওয়ার পাশাপাশি পার্সেল বা বড় অর্ডারে খাবার সরবরাহের ব্যবস্থাও রয়েছে। নিজের এই ছোট উদ্যোগটিকে ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে একটি সফল ও সুপরিচিত ব্র্যান্ডে পরিণত করার সুদূরপ্রসারী স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা।

অল্প লাভে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর এবং সাশ্রয়ী মূল্যে সুস্বাদু খাবার পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ গ্রামীণ জনপদে সততা ও সেবাধর্মী ব্যবসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।