জিপসাম শিল্পে তরুণী জান্নাতির বাজিমাত

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: ইন্টারমিডিয়েট পাস করে বাসায় বসে না থেকে নিজের ভেতরের আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীলতার পথ বেছে নিয়েছেন গাইবান্ধার তরুণী জান্নাতি। নিজের কোনো স্মার্টফোন না থাকা সত্ত্বেও ছোট ভাইয়ের ফোন ব্যবহার করে ফেসবুক ও ইউটিউব থেকে ধারণা নিয়ে তিনি শুরু করেন হোম ডেকর জিপসাম শিল্পের কাজ। মাত্র ৫,০০০ টাকার মূলধন নিয়ে শুরু করা সেই উদ্যোগ তাকে আজ এনে দিয়েছে সফলতা ও পরিচিতি।

পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করা এবং নিজের হাত খরচ নিজে চালানোর তাগিদ থেকে জান্নাতি এই উদ্যোগে নামেন। ব্যবসা শুরুর সময় তার কাছে ছিল মাত্র ৩,০০০ টাকা, যার সাথে ছোট ভাই আরও ২,০০০ টাকা যুক্ত করে দেয়। এই ৫,০০০ টাকা দিয়ে তিনি চট্টগ্রাম ও ঢাকা থেকে জিপসাম পাউডার এবং বিভিন্ন সিলিকন মোল্ড ক্রয় করে কাজ শুরু করেন।

জান্নাতির তৈরি জিপসাম সামগ্রীর প্রধান বৈশিষ্ট্য হলো এগুলো ওয়াটারপ্রুফ ও অত্যন্ত শক্ত। পণ্য প্রস্তুত করতে তিনি প্রথমে মোল্ডে জিপসাম দিয়ে কাঙ্ক্ষিত রূপ দেন, তারপর চার-পাঁচ দিন রোদে শুকান। এরপর সিলার প্রয়োগ করে কাস্টমারের চাহিদা অনুযায়ী গ্লসি বা ম্যাট ফিনিশিংয়ে হাতে নিখুঁত চিত্রাঙ্কন বা পেইন্টিং করেন। ঘরের দেয়াল বা আসবাবপত্রের কালারের সাথে মিলিয়ে গ্রাহকরা সহজেই পণ্যগুলো কাস্টমাইজ করে নিতে পারেন।

প্রথম প্রোডাক্টটি বান্ধবীর কাছে ৬০০ টাকায় বিক্রি করে যাত্রার সূচনা করলেও বর্তমানে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই তার চমৎকার সাড়া মিলছে। প্রতিদিন ২-১ টি অর্ডারের মাধ্যমে বর্তমানে প্রতি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় করছেন তিনি।

নিজের কোনো শোরুম না থাকলেও তার ফেসবুক পেজ Crafted Corner-এর মাধ্যমে তিনি নতুন সব ডিজাইনের কাস্টমাইজড জিপসাম প্রোডাক্টের অর্ডার নিচ্ছেন। ভবিষ্যতে উদ্যোগটি আরও বড় করে গাইবান্ধায় একটি বড় শোরুম বা আউটলেট প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তরুণ এই নারী উদ্যোক্তা।