বিনা টাকায় প্রশিক্ষণ দিয়ে শতাধিক নারীর আলোর দিশারী নারী উদ্যোক্তা মাহবুবা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: সমাজের পিছিয়ে পড়া ও অসহায় নারীদের পরনির্ভরশীল না রেখে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন গাইবান্ধার এক অদম্য নারী উদ্যোক্তা মাহবুবা। মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা তার এই উদ্যোগ আজ শত শত নারীর মুখে হাসি ফোটানোর পাশাপাশি দেশ ও সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি লাভ করেছে।
গাইবান্ধা পুরাতন বিসিক এস্টেটপাড়ায় অবস্থিত ‘আনিফ্যাস ফ্যাশন ওয়ার্ল্ড’-এর মাধ্যমে তিনি দুস্থ নারীদের সম্পূর্ণ বিনা মূল্যে ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্ট এবং সেলাইয়ের প্রশিক্ষণ দিচ্ছেন। তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত নারীরা আজ নিজেরাই জীবিকা নির্বাহ করছেন। তার তৈরি শাড়ি, কুর্তি, থ্রি-পিস ও ফতুয়ায় হ্যান্ড স্টিচ ও ব্লকের সুনিপুণ কারুকার্য ক্রেতাদের মুগ্ধ করছে। শুরুর দিকে সামাজিক দৃষ্টিভঙ্গি ও নানা প্রতিকূলতা থাকলেও আজ তার এই মহৎ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। কাঁচামালের জন্য ঢাকা বা বগুড়ার ওপর নির্ভর করতে হলেও মানসম্মত পণ্য সরবরাহের কারণে ঢাকার বড় বড় শোরুম এবং প্রবাসী ক্রেতাদের (যেমন আমেরিকা) কাছে তার পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।
মাহবুব্বার এই অদম্য সংগ্রাম ও নারী জাগরণের গল্প গাইবান্ধা তথা সমগ্র দেশের নারীদের আত্মনির্ভরশীল হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।