হার না মানা তরুণের গড়ে তোলা ‘ডাগউট ক্যাফে’

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: একটি মাত্র ইনজুরি কেড়ে নিয়েছিল স্বাভাবিক হাঁটাচলা ও পড়াশোনার স্বপ্ন। শরীরের অর্ধেক অংশ প্যারালাইজড হয়ে যাওয়ার পর কেটেছিল হতাশার দীর্ঘ তিন বছর। চারপাশের মানুষ যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক তখনই শূন্য থেকে ঘুরে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক অদম্য তরুণ। শারীরিক প্রতিবন্ধকতা ও সমাজের নেতিবাচক কথাকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ পরিবেশে গড়ে তোলা তার ক্যাফে আজ সফলতার এক উজ্জ্বল প্রতীক।

খোঁজ নিয়ে জানা যায়, ফুজায়েল হোসেন নামের ওই তরুণ একসময় কলেজে অর্থনীতি বিভাগে পড়াশোনা করতেন। কিন্তু একটি ফুটবল খেলায় মারাত্মক হেড ইনজুরির শিকার হয়ে তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে যায়। দীর্ঘ তিন বছর বেকারত্ব ও শারীরিক লড়াইয়ের পর যখন তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়, তখন তিনি নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুরুর দিকে অনেকেই সহযোগিতার আশ্বাস দিয়ে সরে দাঁড়ালেও তার পরিবার এবং তাসনিম, তাহমিদ ও জুবায়েলের মতো ঘনিষ্ট বন্ধুরা সহায়তার হাত বাড়িয়ে দেন। গ্রামে ক্যাফে দেওয়ার পরিকল্পনা শুনে অনেকেই তাকে ‘বোকামি’ বলে উপহাস করেছিলেন। কিন্তু সব বাধা-বিপত্তিকে পেছনে ফেলে তিনি প্রতিষ্ঠা করেন ‘ডাগউট ক্যাফে’। প্রতিকূলতাকে জয় করে গড়ে তোলা এই প্রতিষ্ঠান আজ শুধু একটি ক্যাফে নয়, বরং লড়াইয়ের মাঠে হাল না ছেড়ে জেতার এক সুমহান বার্তা দিচ্ছে।

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যুবসমাজকে নতুন স্বপ্ন দেখানো এই তরুণের সংগ্রামী গল্প প্রতিটি মানুষের হৃদয়ে অনুপ্রেরণার আগুন জ্বালবে।