পড়াশোনার পাশাপাশি মালচিং পদ্ধতিতে শসা চাষ

কৃষি

নিজস্ব প্রতিবেদক: লেখাপড়ার পাশাপাশি বেকার সময় পার না করে আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় ভাগ্যে পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মেধাবী তরুণ কলেজছাত্র। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ‘মালচিং পদ্ধতি’ ব্যবহার করে ৩৫ শতক জমিতে শসা চাষ করে তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তার খামার থেকে লাখ লাখ টাকার ফসল বিক্রি হওয়ায় এলাকায় বেশ চাঞ্চল্য ও প্রশংসার সৃষ্টি হয়েছে।

কৃষক বাবার কর্মস্পৃহা থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি ইউটিউব ও বড় ভাইদের পরামর্শে এই আধুনিক চাষাবাদ শুরু করেন। মালচিং পেপার ব্যবহার করার ফলে জমিতে আলাদা করে আগাছা পরিষ্কার করার প্রয়োজন হয় না, যা গাছের শিকড়কে সুরক্ষিত রাখে এবং ফলন বৃদ্ধি করে। মাত্র ৮০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা এই প্রকল্পে প্রথম রমজান থেকেই বিক্রির জোয়ার আসে। পাইকাররা সরাসরি জমি থেকে শসা কিনে নিয়ে যাওয়ায় এবং রমজানের বাজারে ভালো দাম পাওয়ায় তিনি ইতোমধ্যেই প্রায় ২ লাখ টাকার শসা বিক্রি করেছেন। অদূর ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রেখে আরও বড় পরিসরে বিভিন্ন ফসল চাষের পরিকল্পনা রয়েছে তার।

শুরুর দিকে আশপাশের মানুষের নিরুৎসাহ ও সমালোচনার মুখামুখি হলেও নিজের অদম্য ইচ্ছা ও পরিশ্রমের জোরে এই তরুণ প্রমাণ করেছেন—সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকলে কৃষিতেও সম্মানজনক ও লাভজনক ক্যারিয়ার গড়া সম্ভব।