৪২ বছর ধরে পায়ে হেঁটে পত্রিকা বিলি করা সেই বৃদ্ধের অদম্য জীবনসংগ্রাম

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির ছোঁয়া আর আধুনিক বাহনের যুগেও পায়ে হেঁটে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে প্রতিদিন সকালে খবরের কাগজ পৌঁছে দেন এক বয়োবৃদ্ধ মানুষ। টানা ৪২ বছর ধরে খবরের ফেরিওয়ালা হিসেবে গাইবান্ধার অলিতে-গলিতে পরিচিত মুখ হয়ে ওঠা এই মানুষটির জীবন কেবল একটি পেশার গল্প নয়, এটি এক অদম্য লড়াই ও টিকে থাকার অনুপ্রেরণাদায়ী ইতিহাস।

ডিবি রোড, কালীবাজার, মধ্যপাড়া কিংবা মাস্টারপাড়ার অলিগলি—প্রতিটি চেনা রাস্তায় তার নিয়মিত পদচারণা। একসময়ে যেখানে তার মাধ্যমে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ কপি পত্রিকা বিক্রি হতো, ডিজিটাল যুগের ছোঁয়া ও পাঠক কমে যাওয়ায় বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৮০-৯০ কপিতে। বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো কিংবা করতোয়া বিক্রি করে যে সামান্য আয় হয়, তা দিয়ে বর্তমান বাজারে চলা প্রায় অসম্ভব। অনেকের কাছে বাকি থাকা বকেয়া টাকা সময়মতো না পাওয়ায় তাকে প্রায়ই ধারদেনা করে চলতে হয়। দুটি চোখে অপারেশন করা সত্ত্বেও এবং বার্ধক্যের ক্লান্তি তাকে দমাতে পারেনি; পেটের দায়ে এবং কাজের প্রতি নিখাদ টানে তিনি প্রতিদিনের মতো আজও খবরের কাগজ নিয়ে বেরিয়ে পড়েন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিল তিল করে সততার সাথে কাজ করে যাওয়া এই মানুষটির জীবন আমাদের শিখিয়ে দেয়—কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। সমাজের একটুখানি সহানুভূতি ও সহযোগিতা এই প্রবীণ কর্মীর শেষ জীবনটা কিছুটা সহজ করে দিতে পারে।