জন্মের পর সবাই বলেছিল মেয়েটাকে মেরে ফেলো

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: “জন্মের পর অনেকেই বলেছিল, এই মেয়েটাকে বাঁচিয়ে রেখে লাভ নেই, মেরে ফেলো।” সমাজের এমন নিষ্ঠুর উচ্চারণ আর দুই হাত না থাকার অভিশাপকে সঙ্গী করে যিনি জীবন শুরু করেছিলেন, আজ তিনিই সকল প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চশিক্ষিত এক সংগ্রামী নারীর অনন্য প্রতীক। গাইবান্ধার সাঘাটা উপজেলার কঞ্চিয়া এলাকার দুই হাতহীন আয়শা আক্তারের জীবন সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প হার মানাবে যেকোনো উপকথাকে।

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার সাঘাটার এই নারী জন্ম থেকেই দুই হাতবিহীন। পরিবার ও সমাজের নানা কটূক্তি, অবহেলা আর বঞ্চনা তাকে দমাতে পারেনি। বরং দুই পা দিয়ে কলম ধরে তিনি পড়াশোনার এক অসাধ্য সাধন করেছেন। চরম অভাব-অনটন আর শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি শুধু পড়াশোনাই চালিয়ে যাননি, বরং মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সফলভাবে পাস করেছেন। বিস্ময়কর হলেও সত্যি, রান্নাবান্নার জন্য চুলার ছাই পরিষ্কার করা, কাঁচামরিচ-পেঁয়াজ কাটা, নলকূপ থেকে পানি তোলা, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে গৃহস্থালির তাবৎ কাজ তিনি দুই পা দিয়ে অত্যন্ত সাবলীলভাবে করেন। কিন্তু সবকিছুর পরেও তার জীবনে নেমে এসেছে অন্ধকারের ছায়া। মাস্টার্স ডিগ্রি অর্জন করেও আজ পর্যন্ত কোনো চাকরি বা কর্মসংস্থান জোটেনি তার কপালে। দরিদ্র পিতা-মাতার সংসারে প্রতিনিয়ত অবহেলা ও অভাবের তাড়নায় জীবন কাটানো এই নারী আজ নিজের মেধা অনুযায়ী একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাওয়া এই অদম্য নারীর পাশে দাঁড়ানো এবং তার কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সমাজের বিত্তবান ও রাষ্ট্রীয় দায়িত্বশীল মহলের সময়ের দাবি।