সাঘাটায় ১২৫০ লিটার পেট্রোল জব্দ, ২ জনকে কারাদণ্ড ও জরিমানা
গাইবান্ধার সাঘাটা উপজলোয় পৃথক দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদকৃত ১ হাজার ২৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তেল মজুদের দায়ে দুইজনকে কারাদন্ড ও জরিমানা করা হয়।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার সাঘাটা উপজলোয় পৃথক দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদকৃত ১ হাজার ২৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তেল মজুদের দায়ে দুইজনকে কারাদন্ড ও জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাটভরতখালি ও পদুমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবির।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাট ভরতখালি বাজারের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আহাদ অলককে আটক করা হয়।
এরপর পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকার একটি গরুর খামার থেকে ৮৫০ লিটার পেট্রোল জব্ধ করা হয়। আটক করা হয় খামারের মালিক সুজা মিয়াকে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আহাদ অলককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে খামার মালিক সুজা মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত এসব পেট্রোল ট্যাগ অফিসার নিয়োগ করে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে সরকারি দরে বিক্রি করা হয়।
এসময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবির জানান, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে তাদের জেল জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



