বিদ্যা, বুদ্ধি আর শুভবোধ লাভের আশায় সরস্বতীর পূজার আয়োজন 

সরস্বতী পূজা

বিদ্যা, বুদ্ধি আর শুভবোধ লাভের আশায় সরস্বতীর পূজার আয়োজন 

হীরন চন্দ্র বর্মন:
মা সরস্বতী-বিদ্যার দেবী, বীণার সুরে যাঁর আবাহন। আজ সেই জ্ঞান, শিল্প আর সুরের দেবী মা সরস্বতীর পূজার দিন। শুভ্র শাড়িতে, বীণাধারিণী রূপে দেবী সরস্বতী আজ অধিষ্ঠিত গাইবান্ধার বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে। স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই চলে পূজার আয়োজন। ঢাকের বাদ্য, ধূপের ধোয়া, মন্ত্রোচ্চারণ আর ভক্তিময় পরিবেশে মুখর হয়ে উঠেছে চারপাশ।

শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক- সবাই আজ এক কাতারে। অগণিত সনাতন ধর্মাবলম্বী নৈবেদ্য, অঞ্জলি আর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দেবীমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। বিদ্যা, বুদ্ধি আর শুভবোধ লাভের আশায় দেবীর চরণে প্রণাম জানাচ্ছেন ভক্তরা। বিশেষ করে শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে আজকের দিনটির আলাদা গুরুত্ব। বই-খাতা, কলম রেখে দেবীর কাছে প্রার্থনা- জীবনে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার।

গাইবান্ধা সরকারি কলেজে পূজার জন্য আসা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে জানায়, প্রতিবছর এখানে পূজা হলেও এবারের চিত্রটা একেবারে আলাদা। ভিন্ন থিমে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গন। পূজা শেষে চলে প্রসাদ বিতরন। বিদ্যা, সুর আর সৃজনশীলতার প্রতীক মা সরস্বতীর কৃপায় সমাজ আলোকিত হোক- এই প্রত্যাশায় শেষ হলো আজকের পূজার আয়োজন।