সুতায় আঁকা ভালোবাসার কলম: জেদ থেকে উদ্যোক্তা হয়ে বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: অবহেলা আর প্রত্যাখ্যান মানুষকে কখনো কখনো নতুন কিছুর প্রেরণা দেয়। এমনই এক গল্প তৈরি করেছেন এক তরুণ উদ্যোক্তা। অন্যের কাছ থেকে কাজ না শেখার জেদ থেকেই সুতা পেঁচিয়ে কলমের ওপর দৃষ্টিনন্দন নকশা ও আবেগঘন বার্তা ফুটিয়ে তোলার এক অনন্য কারুকাজ রপ্ত করেছেন তিনি।

এসএসসি পরীক্ষা দেওয়ার পর অবসর সময়ে এক ব্যক্তির কাছে রঙিন সুতার কলম দেখে শিখতে চান এই তরুণ। তবে তা শেখাতে অস্বীকৃতি জানানো হলে জেদের বসেই চেষ্টা শুরু করেন। প্রথম দিকে বেশ ভুলভ্রান্তি হলেও একটানা তিন থেকে সাত মাসের প্রচেষ্টায় সুতা পেঁচিয়ে কলমে নকশা তোলার কৌশল আয়ত্ত করেন।

বর্তমানে তিনি ২৪টি সুতার সমন্বয়ে কলমের ওপর ‘আলহামদুলিল্লাহ’, ‘আল্লাহু আকবার’, ‘আই লাভ ইউ’, প্রিয়জনের নাম, মোবাইল নম্বর, প্রজাপতি কিংবা নানা রঙের লাভ সাইন ফুটিয়ে তুলছেন। কলমে ১১ ডিজিটের ফোন নম্বর লিখতে প্রায় দুই ঘণ্টা এবং নাম ফুটিয়ে তুলতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগে। শৌখিন উপহার হিসেবে এই কলমগুলো ইতিপূর্বে বেশ নজর কেড়েছে।

বর্তমানে দোকান চালানোর পাশাপাশি অনলাইন ও অফলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ২০০ টাকা পিস হিসেবে এই কলম বিক্রি করছেন তিনি। এমনকি স্থানীয় এনজিওর সহায়তায় বিদেশেও এই বিশেষ কলম পাঠানোর প্রক্রিয়া চলছে।

তরুণ এই উদ্যোক্তা জানান, ভবিষ্যতে কলমের চাহিদা বৃদ্ধি পেলে তিনি কাজের পরিধি আরও বড় করবেন। পাশাপাশি নতুন যারা এই হস্তশিল্প বা কারুকাজ শিখতে চায়, তাদের বিনামূল্যে বা সাশ্রয়ী উপায়ে কাজ শেখানোর ইচ্ছা রয়েছে তার।