ক্ষুদ্র চায়ের দোকান থেকে পাকা বাড়ি চায়ের কাপেই জীবন

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৭ ফিট দৈর্ঘ্য আর ৩ ফিট প্রস্থের এক চিলতে চায়ের দোকান। বসার পর্যাপ্ত জায়গা না থাকলেও প্রতিদিন সেখানেই উপচে পড়ে চা পিপাসুদের ভিড়। সেই ক্ষুদ্র চায়ের দোকান থেকে অর্জিত আয় দিয়েই পাকা বাড়ি তৈরি করেছেন, বন্ধক নিয়েছেন ৩ বিঘা জমি এবং শক্ত হাতে ধরেছেন পুরো পরিবারের হাল।

মাত্র পাঁচ বছর বয়সে পিতাহারা হয়ে জীবনযুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল তাকে। অভাবের তাগিদে মা অন্যের বাড়িতে কাজ করতেন, আর তিনি ও তার ভাইরা মাত্র ১০-১৫ টাকা দৈনিক মজুরিতে মানুষের দোকানে কাজ শুরু করেন। বহু দিন অনাহারে-অর্ধাহারে দিন কেটেছে তাদের। কিন্তু হার না মানা মনোভাব আর টানা ২১-২২ বছরের পরিশ্রমে নিজের পায়ে দাঁড়িয়েছেন তিনি।

পরবর্তীতে অর্থনৈতিক সংকটে পড়া চাচার কাছ থেকে ১৬ ফিটের দোকানটির পজিশন কিনে নেন তিনি। তবে রাস্তা সম্প্রসারণের কারণে বর্তমানে দোকানটি ৭ ফিটে এসে ঠেকেছে। ছোট হলেও প্রতিদিন এখানে ২০০ থেকে ২৫০ কাপ চা বিক্রি হয়। কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খরচ মিটিয়ে যা আয় হয়, তা দিয়ে নিজের সংসার, মা ও সন্তানদের পড়াশোনার খরচ ভালোভাবে সামলে নিচ্ছেন তিনি।

কঠোর সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, "কষ্ট করলে তার ফল পাওয়া যায়। কষ্ট যেমন শুরু হয়, তেমনি তার শেষও আছে।" ভবিষ্যতে সুযোগ পেলে আল্লাহর ওপর ভরসা রেখে ব্যবসা আরও বড় করার স্বপ্ন দেখছেন এই সফল চা বিক্রেতা।