সাদুল্লাপুরে সড়কে ঝড়ল দুই প্রাণ

সাদুল্লাপুরে সড়কে ঝড়ল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা সদরের শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ইজিবাইক চালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সাদুল্লাপুর থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। পথে উপজেলা সদরের শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া তিনজনকে ভর্তি করা হয়েছে এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।