কেমিক্যালমুক্ত ফিড এখন মাত্র ৪৫ টাকায়
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: বাজারের কৃত্রিম কেমিক্যালযুক্ত ও চড়ামূল্যের বাণিজ্যিক ফিডের ওপর নির্ভরতা কমিয়ে কম খরচে উন্নত মানের পশুখাদ্য তৈরির সহজ উপায় নিয়ে এসেছেন এক উদ্যোগী খামারি। যেখানে বাজারে প্রতি কেজি রেডিমেড ফিড কিনতে খরচ হয় ৫০ টাকা বা তার বেশি, সেখানে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত সুষম ফিড প্রস্তুত করা যাচ্ছে মাত্র ৪৫ থেকে ৪৬ টাকায়।
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ও বেড়াডাঙ্গা এলাকায় চালু হওয়া এই ফিড প্রসেসিং সেন্টারে গরু, পোল্ট্রি ও মাছের জন্য খামারিদের সুবিধাজনক পুষ্টিকর খাবার তৈরি করে দেওয়া হচ্ছে।
উদ্যোক্তা জানান, ১০০ কেজি গুণগত মানসম্পন্ন গরুর ফিড তৈরিতে উপাদানগুলোর সুনির্দিষ্ট পরিমাপ হলো— ৫০ কেজি গমের ভুষি, ২০ কেজি সয়াবিন, ১১ কেজি ভুট্টার গুঁড়া, ১০ কেজি চালের কুঁড়া, ২.৫ কেজি চিটাগুড় বা চিনির গুঁড়া, ২ কেজি লাইমস্টোন, ১ কেজি ডিবি পাউডার এবং হাফ কেজি খাবার সোডা। মাছের ফিডের ক্ষেত্রে এর সাথে অতিরিক্ত ফিশমিল যোগ করা হয়।
খাদ্য প্রস্তুতির প্রসেসিং সম্পর্কে তিনি বলেন, প্রথমে সব শুকনো উপাদান পালভাইজার মেশিনে গুঁড়া করে নেওয়া হয়। এরপর মিক্সার মেশিনে উপাদানগুলো সুন্দরভাবে মিশ্রণ করে ফিড মেশিনে দেওয়া হয়। এতে মেশিন থেকে নির্দিষ্ট আকারের দানাদার ফিড তৈরি হয়ে বের হয়। ১ ঘণ্টার মধ্যেই প্রায় ১০০ কেজি খাবার প্রস্তুত করা সম্ভব হয়।
আগে কেবল ধান ও গম-ভুট্টা ভাঙ্গানোর দোকান পরিচালনা করলেও এসকেএস (SKS) ফাউন্ডেশনের পরামর্শে নতুন এই ফিড তৈরির যন্ত্রপাতি যুক্ত করেন তিনি। বর্তমানে দৈনিক ২০০ থেকে ৩০০ কেজি ফিড তৈরি হচ্ছে এবং দিনে গড়ে ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত আয় হচ্ছে। তার এই প্রতিষ্ঠানে আরও ৩-৪ জন স্থানীয় তরুণের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
এলাকার খামারিরা চাইলে তাদের নিজ ঘরে থাকা ভুট্টা, ভুষি বা অন্যান্য উপাদান সাথে নিয়ে এসে কেজি প্রতি মাত্র ১০ টাকা প্রসেসিং খরচে পছন্দের রেসিপি অনুযায়ী কেমিক্যালমুক্ত ফিড তৈরি করিয়ে নিতে পারছেন।
