শত নারীর ভাগ্য বদলে দিচ্ছেন গাইবান্ধার প্রিয়াঙ্কা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার প্রিয়াঙ্কা আজ শত শত নারীর অনুপ্রেরণার নাম। দশ বছর আগে মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা তার ‘প্রিয়াঙ্কা হস্তশিল্প’ আজ বিস্তৃত পরিসরে আকার ধারণ করেছে,। পুতির শোপিস, টিস্যু বক্স, কলমদানি এবং ঘর সাজানোর নানান উপকরণ তৈরি করে তিনি কেবল নিজের ভাগ্যই বদলাননি, বরং কর্মসংস্থান তৈরি করেছেন অসংখ্য অসহায় নারীর।
প্রিয়াঙ্কা জানান, ইউটিউব থেকে ডিজাইন দেখে তিনি নিজে যেমন দক্ষ হয়েছেন, তেমনি এখন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন,। গাইবান্ধা জেলা কারাগারের ২০-২৫ জন নারী বন্দিকে তিনি পুতির কাজের প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদের মাধ্যমে পণ্য তৈরি করিয়ে নিচ্ছেন। এতে করে ওই নারীরাও নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছেন।
তার উৎপাদিত পণ্য স্থানীয় মেলা, সরকারি কর্মকর্তাদের চাহিদা এবং অনলাইনের মাধ্যমে নিয়মিত বিক্রি হচ্ছে,। এমনকি তার তৈরি হস্তশিল্প সিঙ্গাপুর ও আমেরিকার মতো দেশেও পৌঁছে গেছে। উদ্যোক্তার এখনকার লক্ষ্য, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে একটি সুসজ্জিত শোরুম স্থাপন করা এবং আরও অনেক নারীকে স্বাবলম্বী করা। উদ্যোক্তা হওয়ার লড়াইয়ে পরিবারের সমর্থন ও কঠোর পরিশ্রমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
