মাদক আর পরিত্যক্ত রেললাইনের ধারেই গড়ে উঠল শহরের সেরা আড্ডাখানা

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: মাদক আর বর্জ্যড়ার কারণে যে জায়গা দিয়ে সাধারণ মানুষ ভয়ে চলাচল করত, আজ সেই পরিত্যক্ত রেললাইনের ধারেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে এক নান্দনিক ক্যাফে। যেখানে একসময় অপরাধমূলক কর্মকাণ্ড চলত, আজ সেখানে ইউএনও, ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে দূরদূরান্তের সৌখিন পরিবারগুলো ছুটে আসেন। বন্ধুর ফেলে যাওয়া চ্যালেঞ্জিং ব্যবসাকে নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মায়ের অনুপ্রেরণায় তিল তিল করে আজ শহরের অন্যতম সেরা আড্ডার জায়গায় রূপ দিয়েছেন এক সংগ্রামী তরুণ।

উদ্যোক্তা জানান, ২০২১ সালে মাত্র আট হাজার টাকা পুঁজি নিয়ে এক বন্ধুর সাথে মিলে ছোট পরিসরে ফুচকা-চটপটির গাড়ি দিয়ে এই পথচলা শুরু হয়েছিল। কিন্তু কিছুদিন পর বন্ধু ব্যবসা থেকে সরে দাঁড়ালে বড় ধরণের ধাক্কা ও হতাশার মুখে পড়েন তিনি। পুঁজি না থাকায় চারপাশ যখন অন্ধকার ঠেকছিল, তখন তার মা তাকে সাহস জোগান এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন। মায়ের দেওয়া সেই মানসিক শক্তিতে ভর করে তিনি এনজিও থেকে লোন নিয়ে ধীরে ধীরে জায়গাটি পরিষ্কার করেন এবং স্থায়ী ঘর নির্মাণ করেন। বর্তমানে তার ক্যাফেতে বার্গার, স্যান্ডউইচ, নাচো, পাস্তা, চাউমিন, কোল্ড কফি, মিল্কশেক ও শওয়ারমার মতো আধুনিক সব সুস্বাদু খাবার পাওয়া যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিকেলবেলার আড্ডায় মুখরিত এই প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচজন কর্মী সুনামের সাথে কাজ করছেন। দোকান ভাড়া ও স্টাফদের বেতন দিয়ে মাস শেষে সীমিত আয় হলেও অন্যের দ্বারে না ঘুরে নিজের পরিশ্রমে মাথা উঁচু করে দাঁড়ানোর এই গল্প এলাকাবাসীর মধ্যে দারুণ প্রশংসার জন্ম দিয়েছে।

অভাব, হতাশা আর প্রতিকূল পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়ে শূন্য থেকে নিজের ভাগ্য পরিবর্তনের এই গল্প গ্রামীণ ও মফস্বল যুবসমাজকে নতুন স্বপ্ন দেখাতে বাধ্য করবে।