বাসের সুপারভাইজারের চাকরি ছেড়ে আধুনিক ড্রাই ওয়াশের কারখানা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: অন্যের অধীনে কম বেতনের চাকরি কিংবা বসের কড়া নজরদারির পরাধীনতা মেনে না নিয়ে নিজের আত্মসম্মান ও মেধা দিয়ে কীভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধা অঞ্চলের এই লড়াকু যুবক। বাসের সুপারভাইজারের চাকরি ছেড়ে এসি বাসের ব্লাংকেট ও ভারী কাপড়ের আধুনিক ড্রাই ওয়াশের কারখানা গড়ে তুলে তিনি যেমন নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন, তেমনি এলাকার বেশ কয়েকজন বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন দেশের সুনামধন্য হানিফ ও আল-হামরা পরিবহনে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু একদিন বাসের স্লিপার কোচে দায়িত্ব পালনকালে একজন যাত্রী তার সাথে অত্যন্ত অপমানজনক আচরণ করে জুতো তুলে দেওয়ার আবদার করলে তার আত্মসম্মানে মারাত্মক আঘাত লাগে। ওই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সুপারভাইজারের চাকরি ছেড়ে কাউন্টার মাস্টারের দায়িত্ব নিলেও সেখান থেকে প্রাপ্ত সামান্য বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তখনই তার মাথায় আসে এসি বাসের কম্বল বা ব্লাংকেট ড্রাই ওয়াশের অভিনব এই আইডিয়া। পরিবহন কোম্পানিগুলোর সাথে কথা বলে পুঁজি বিনিয়োগ করে তিনি ওয়াশিং মেশিন, হাইড্রো মেশিন ও অটোমেটিক ড্রায়ার মেশিন স্থাপন করেন। বর্তমানে আল-হামরা ও অরিন পরিবহনের এসি গাড়ির ব্লাংকটের পাশাপাশি স্থানীয় কিছু পরিবারের ভারী কাপড় ও ব্লাংকেট এখানে অত্যন্ত যত্নের সাথে পরিষ্কার করা হয়। মেশিনের নির্দিষ্ট ধাপে ডিটারজেন্ট ব্যবহার, ওয়াশ, হাইড্রো করে পানি ঝরানো এবং ড্রায়ার মেশিনে শুকানোর পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়। বর্তমানে তার কারখানায় একজন ডেলিভারি বয় ও দুই জন নারী কর্মীসহ নিয়মিত শ্রমিকরা কাজ করছেন, যাদের মাসিক বেতন ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ব্যয় হয়। শুরুর দিকে নিজে কম্বল বহন, ওয়াশ করা ও ডেলিভারি দেওয়ার মতো কঠোর পরিশ্রম করতে হলেও আজ তার এই উদ্যোগ গাইবান্ধা শহরে এক অনন্য সেবামূলক ও লাভজনক কারখানায় রূপ নিয়েছে। আগামী দিনে এই ব্যবসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিয়ে গাইবান্ধার সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ড্রাই ওয়াশ সেবা পৌঁছে দেওয়ার বড় স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা।
অনুকরণীয় মানসিকতা ও আত্মমর্যাদাবোধকে পুঁজি করে একজন যুবকের শূন্য থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার এই গল্প গ্রামীণ ও মফস্বল এলাকার তরুণ সমাজের জন্য এক দারুণ অনুপ্রেরণা।