মা গাছ বিক্রি করে কিনে দিয়েছিলেন রং

ব্যতিক্রমী

নিজস্ব প্রতিবেদক: শৈশবের রঙতুলির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে অভাবের তাড়নায় মায়ের গাছ বিক্রি করে রং কেনার সেই ছোট্ট মেয়েটি আজ নিজের মেধা ও পরিশ্রমে একজন সফল তরুণী পেইন্টার ও উদ্যোক্তা। ক্যানভাস, কাপড় আর নানা রঙের ছোঁয়ায় গ্রামীণ জনপদে শিল্পের আলো ছড়িয়ে গাইবান্ধার এই উদীয়মান শিল্পী প্রমাণ করেছেন—ইচ্ছা আর প্রবল আন্তরিকতা থাকলে শত প্রতিকূলতা পেরিয়েও স্বপ্ন ছোঁয়া সম্ভব।

খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই ছবি আঁকার গভীর ঝোঁক ছিল সানজিদার। কিন্তু দরিদ্র পরিবারে তখন রঙতুলি কেনার মতো বাড়তি অর্থ ছিল না। মেয়ের মুখের দিকে তাকিয়ে উপায় না পেয়ে অবশেষে বাড়ির পেছনের একটি গাছ বিক্রি করে সেই টাকায় তাকে প্রথম রঙের কৌটো কিনে দিয়েছিলেন তার মা। সেই গাছের দাম দিয়ে কেনা রং দিয়েই শুরু হয়েছিল তার শিল্পযাত্রার পথচলা। ছোটবেলায় সাদা স্কুল ড্রেসে সূর্যমুখী ফুল আঁকতে গিয়ে ভুল হওয়ার স্মৃতি বা নানা লুকোচুরি পেরিয়ে খালামনির উৎসাহে চারুকলা ও চিত্রাঙ্কন নিয়ে ভাবতে শুরু করেন তিনি। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বারবার শীর্ষস্থান অর্জন করেছেন সানজিদা। বর্তমানে তিনি ক্যানভাস পেইন্টিং, টেক্সচার আর্ট, অ্যাক্রিলিক, ওয়াটার কালার এবং শাড়ি, থ্রিপিস, শার্ট, বিছানার চাদর ও সোফা কাভারের ওপর সুনিপুণ হাতে হ্যান্ড পেইন্টের কাজ করছেন। কাস্টমারদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড অর্ডারের ভিত্তিতে ৫০০ টাকা থেকে শুরু করে বড় ক্যানভাসে ৬ হাজার টাকা পর্যন্ত তার কাজ থেকে আয় হচ্ছে। গাইবান্ধা সদরে বসেই তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ডার সফলভাবে সম্পন্ন করছেন। মা-বাবা ও ভাইবোনের অনুপ্রেরণায় পড়াশোনার পাশাপাশি নিজের কাজের মাধ্যমে তিনি আজ আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। আগামী দিনে নিজের স্বকীয় ডিজাইনের বড় বড় পেইন্টিং ও শিল্পকর্ম নিয়ে দেশজুড়ে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলার বড় স্বপ্ন দেখছেন এই লড়াকু তরুণী শিল্পী।

অভাবের আঁধার পেরিয়ে মায়ের ভালোবাসাকে সম্বল করে রঙতুলির জাদুতে এক তরুণীর সফলতার শিখরে পৌঁছানোর এই গল্প শিল্পপ্রেমী ও তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।