ফেলে দেওয়া কমলার খোসা থেকেই সুস্বাদু চা
ব্যতিক্রমী
নিজস্ব প্রতিবেদক: বাগানে ঝরে পড়া কিংবা অবহেলায় ফেলে দেওয়া কমলার খোসা যে সুস্বাদু ও প্রিমিয়াম মানের চায়ে রূপান্তর করা সম্ভব, তা করে দেখিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক উদ্যোমী উদ্যোক্তা। বর্জ্য বা পচনশীল ফলকে সম্পদে পরিণত করার এই অভিনব আইডিয়া শুধু গ্রামীণ কৃষিতে নতুন দিগন্তের উন্মোচন করেনি, বরং দেশজুড়ে সৌখিন চা প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আন্তর্জাতিক গবেষণা ও চীনের বিভিন্ন ফুড টেকনোলজি থেকে ধারণা নিয়ে টানা ৭ থেকে ১০ দিন অক্লান্ত পরিশ্রম ও পরীক্ষা-নিরীক্ষার পর এই বিশেষ 'অরেঞ্জ টি' বা কমলার খোসার চা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। সাধারণত সেপ্টেম্বর মাসে বাগানে প্রচুর কমলা ও মাল্টা গাছ থেকে ঝরে পড়ে বা নষ্ট হয়, যা এতদিন কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ ছিল। সেই নষ্ট হওয়া ফলগুলোকে সংগ্রহ করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, চার ভাগ করে পাল্প বা শাঁস আলাদা করার পর সুনির্দিষ্ট তাপমাত্রায় স্টিম করা হয়। এরপর আধুনিক ড্রায়ার মেশিনে ২৪ ঘণ্টা শুকানোর প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এই প্রিমিয়াম চা পাতা। এই পুরো প্রক্রিয়ায় ৫ কেজি উৎপাদনে বিদ্যুৎ ও আনুষঙ্গিক খরচ মাত্র ১২ থেকে ১৫ টাকার মতো হয়। প্রচলিত লিকার চায়ের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং স্বাস্থ্যসম্মত হওয়ায় দেশি-বিদেশি চা প্রেমী ও পর্যটকদের কাছে এর চাহিদা এতটাই বেশি যে, উৎপাদনের সাথে সাথেই তা স্টক আউট হয়ে যায়। কমলার খোসার এই চা ছাড়াও তার উদ্যোগে কাঁচা মরিচকে শুকিয়ে চমৎকার ঘ্রাণযুক্ত 'গ্রিন চিলি পাউডার', ফুড এসেন্স হিসেবে ব্যবহারের উপযোগী 'থাই ও লেমন বাসিল' এবং 'লেমন গ্রাস'-এর মতো বহুমুখী পণ্য যুক্ত হয়েছে। নিজের বাগানের কাঁচামালকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ক্ষুদ্র উদ্যোগ আজ বর্জ্য ব্যবস্থাপনার এক অনন্য রোল মডেল হয়ে উঠেছে।
প্রথাগত চিন্তার বাইরে গিয়ে প্রাকৃতিকভাবে প্রাপ্ত বর্জ্য থেকে লাভজনক ও পরিবেশবান্ধব পণ্য তৈরির এই সৃজনশীল উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও তরুণ উদ্যোক্তাদের মাঝে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।