২০ হাজার টাকার পুঁজি আর অদম্য জেদ আজ শত নারীর কর্মসংস্থানের আলোকবর্তিকা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: শূন্য হাতে পথচলা শুরু করে কীভাবে কেবল সাহস, সততা আর হাড়ভাঙা পরিশ্রমে নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি এলাকার শত শত নারীর কর্মসংস্থানের পথ তৈরি করা যায়, তার এক উজ্জ্বল জীবন্ত উদাহরণ গাইবান্ধা অঞ্চলের এই উদ্যোমী নারী। মাত্র ২০ হাজার টাকা ঋণ নিয়ে ছোট বাচ্চাদের জামা দিয়ে ব্যবসা শুরু করা এই নারী আজ কুটির শিল্প ও নারী স্বাবলম্বীকরণের এক অনন্য প্রতীকে পরিণত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উদ্যোক্তার জীবনের শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। মাথা গোঁজার মতো ভালো কোনো ঘর বা ছাদ ছিল না; খড়ের ঘরে চরম কষ্টের মাঝে দিন কাটাতে হতো তাকে। কিন্তু মনের ভেতর কিছু করার তীব্র জেদ তাকে দমাতে দেয়নি। সুন্দরগঞ্জ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ইউটিউব দেখে সেলাই ও নকশার কাজ রপ্ত করেন তিনি। প্রথমে মাত্র ৩ জন নারী কর্মীকে সুুুই-সুতা দিয়ে হাতে-কলমে কাজ শিখিয়ে তিনি তার ক্ষুদ্র কারখানা শুরু করেন। প্রথম দিকে গ্রামের অনেকেই নারীদের কাজ নিয়ে নেতিবাচক মন্তব্য করলেও তিনি পিছপা হননি। আস্তে আস্তে তার তৈরি বাচ্চাদের জামা, টু-পিস, থ্রি-পিস, শাড়ি, নকশি কাঁথা, বেডশিট, শীতের চাদর, কুশন কভার ও পাপোশের মান এতই আকর্ষণীয় হয়ে ওঠে যে ক্রেতাদের চাহিদা হু হু করে বাড়তে থাকে। বর্তমানে তার কারখানায় ৪০ থেকে ৪৫ জন নারী নিয়মিত কাজ করছেন এবং উৎপাদিত পণ্য ১০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হচ্ছে। সব খরচ মিটিয়ে বর্তমানে তার নিজের মাসিক আয় ১৫ থেকে ২০ হাজার টাকা। খড়ের ঘর পেরিয়ে আজ তিনি নিজের পরিশ্রমে মাথা গোঁজার স্থায়ী ও সুন্দর ঠিকানা গড়ে তুলেছেন। ঘরের কাজের পাশাপাশি গ্রামীণ নারীরা যেন অলস সময় না কাটিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং সন্তানদের মুখে হাসি ফোটাতে পারেন—সেটাই এখন তার জীবনের ব্রত।
অভাবের আঁধার ভেদ করে কুটির শিল্পের আলোয় গ্রামীণ নারীদের জীবন পাল্টে দেওয়ার এই লড়াকু নারীর সাফল্যের গল্প গোটা সমাজের জন্য এক দারুণ অনুপ্রেরণা।