শখের জার্মান শেফার্ড নিয়ে দেশের অন্যতম বৃহৎ খামার
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: শখের বশে কুকুর পালনের মাধ্যমে শুরু হওয়া যাত্রা আজ পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ জার্মান শেফার্ড প্রজনন ও খামারে। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরীতে গড়ে ওঠা এই খামারটি শুধু কুকুরপ্রেমীদের জন্যই নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে অনন্য এক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা আসফাক হোসেন ইভান।
ছোটবেলা থেকেই কুকুরের প্রতি বিশেষ টান ছিল ইভানের। সময়ের পরিক্রমায় সেই শখকেই তিনি পেশায় রূপ দিয়ে গড়ে তোলেন এই বিশাল খামার। খামারে মূলত পিওর ব্রিডের জার্মান শেফার্ড কুকুর প্রতিপালন ও প্রজনন করা হয়। দেশি হোম-ব্রিড ছাড়াও বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত উন্নত ব্লাডলাইনের কুকুর এখানে রয়েছে। কুকুরের মান, ব্লাডলাইন এবং বাবা-মায়ের অর্জিত খ্যাতির ওপর ভিত্তি করে ২৫ হাজার টাকা থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত মূল্যের জার্মান শেফার্ড বিক্রি হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী এই খামার থেকে কুকুর সংগ্রহ করে। শুধু তাই নয়, বাহিনীর কর্মক্ষমতা শেষ হওয়া বা অবসরপ্রাপ্ত কুকুরগুলোকেও পরম যত্নে নিজের খামারে নিয়ে আসেন এই উদ্যোক্তা। জার্মান শেফার্ডের পাশাপাশি এই খামারে ঘোড়া, গরু, হাঁস, কবুতর ও মাছ চাষের সুব্যবস্থা থাকায় পুরো এলাকাটি এক চমৎকার ও জীবন্ত খামারবাড়িতে রূপ নিয়েছে।
প্রথাগত ব্যবসার বাইরে গিয়ে প্রাণীপ্রেম ও শখকে পুঁজি করে গড়ে তোলা এই ব্যতিক্রমী খামার গ্রামীণ অর্থনীতি ও উদ্যোক্তা সমাজে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।