বাবার জমি ও শেষ সম্বলকে ঝুঁকিতে ফেলে ব্যবসায় নামলেন তরুণ

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: সফলতার কোনো সহজ পথ থাকে না; জীবন বদলানোর প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে চরম ঝুঁকি, কঠোর পরিশ্রম আর বুকভরা সাহস। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে, নিজের অদম্য জেদ ও আত্মবিশ্বাসের ওপর ভর করে লেদ মেশিন ও মোটর মেকানিক্যালের ব্যবসা গড়ে তুলে গাইবান্ধার এক তরুণ উদ্যোক্তা আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাবার জমি বা সহায়-সম্পত্তি হারানোর ঝুঁকি মাথায় নিয়ে শুরু করা এই লড়াই আজ তাকে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলায় পড়াশোনায় খুব একটা মন না বসলেও নিজের তাগিদে কর্মজীবনে কিছু করার তীব্র জেদ ছিল তার। জীবন ও জীবিকার টানে তিনি মেকানিক্যালের এই কঠিন পেশায় প্রবেশ করেন। শুরুর দিকে কোনো প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা না থাকায় এক বেলা না খেয়েও শুধু কাজ শেখার প্রবল আগ্রহে তিনি দিনরাত পরিশ্রম করেছেন। ২০১৮ সালের শেষের দিকে নিজের কিছু জমানো টাকা, আত্মীয়স্বজনের সহযোগিতা এবং ৫ লক্ষ টাকার প্রাথমিক পুঁজি নিয়ে তিনি নিজস্ব দোকান প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে বাবার জমি বা সম্পত্তি বন্ধক রাখা নিয়ে চারপাশের শত বাধা ও নেতিবাচক কথাবার্তা থাকলেও তিনি পিছু হটেনি। তার এই পথচলা মোটেও সহজ ছিল না। কাজের সময় গ্রাইন্ডিং মেশিনের পাথর ভেঙে গলার একাংশ কেটে যাওয়ার মতো ভয়ংকর ও প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। কিন্তু মারাত্মক জখম ও অসুস্থতাও তার কাজের স্পৃহা দমাতে পারেনি; বরং ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও তিনি হাল ছাড়েননি। বর্তমানে তার এই প্রতিষ্ঠানে মোটরসাইকেলের পিস্টন, সিলিন্ডার হেড বোরিং, সিট গাইড, প্রেশার টেস্টসহ ভারী ও জটিল সব যান্ত্রিক মেরামত কাজ করা হয়। কাজের পরিধি অনুযায়ী প্রতিদিন ৮০০ থেকে ১৫০০ টাকা এবং মাসিক খরচ বাদে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয় হয় তার। শুরুর দিকে একা হাতে কাজ করলেও বর্তমানে তার অধীনে বেশ কয়েকজন হেলপার কাজ করছেন এবং নতুনদেরও তিনি এই পেশায় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছেন।

চরম প্রতিকূলতা, জীবনের ঝুঁকি এবং সমস্ত শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার এই লড়াকু গল্প তরুণ সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা।