রাজমিস্ত্রি থেকে টাইলস কারখানার সফল মালিক
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: উচ্চ বেতনের চাকরির পিছনে ছুটে সময় ও অর্থ অপচয় না করে, নিজের হাত ও মেধার ওপর ভরসা রেখে সফল উদ্যোক্তা হয়ে ওঠার এক অনুপ্রেরণাদায়ক গল্প সৃষ্টি করেছেন এক তরুণ। রাজমিস্ত্রির কাজে পাঁচ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে এবং নিজস্ব জেলায় উন্নতমানের পার্কিং টাইলস তৈরির কারখানা গড়ে তুলে তিনি আজ আঞ্চলিক অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি পাস করার পর থেকেই তিনি অনুধাবন করেছিলেন যে বর্তমান যুগে চাকরি পেতে গেলে যে পরিমাণ অর্থ ঘুষ বা বিনিয়োগ করতে হয়, মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা অসম্ভব। তাই চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার তাগিদ থেকে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। পুঁজি সংগ্রহের জন্য তিনি নিজের শখের গরু বিক্রি করে পান ৪ লাখ ৭০ হাজার টাকা, এর সাথে ব্যাংক লোন এবং পৈতৃক জমি বন্ধক রেখে সব মিলিয়ে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা পুঁজি নিয়ে কারখানাটি শুরু করেন। এর আগে গাইবান্ধা অঞ্চলে ভালো মানের পার্কিং টাইলসের জন্য রংপুর, বগুড়া বা ঢাকার ওপর নির্ভর করতে হতো; কিন্তু স্থানীয় পর্যায়েই এই কারখানা গড়ে ওঠায় সেই দূর্র্ভোগের অবসান ঘটেছে। বাসাবাড়ির ছাদ, গাড়ির গ্যারেজ, হাঁটার রাস্তা কিংবা ফুলের বাগানে ব্যবহারের জন্য এই টাইলসের চাহিদা দিন দিন বাড়ছে। টাইলসের মান বজায় রাখতে লোকাল পাথরের পরিবর্তে ভারতীয় এলসি পাথর, প্রিমিয়াম কালার ও কেমিক্যাল নির্দিষ্ট অনুপাতে মিক্সিং করে ভাইব্রেশন টেবিলের মাধ্যমে দুই স্তরে ঢালাই করা হয়। এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ২৭ টাকা থেকে শুরু করে ৩৫ টাকা পিস দরে পাইকারি বিক্রি করা হয় এসব টাইলস। রোদে কখনো রঙ নষ্ট হয় না এবং সহজে ভাঙে না বিধায় ক্রেতাদের আস্থাও দ্রুত অর্জন করেছে প্রতিষ্ঠানটি। শুরুর দিকে ১ লাখ ৭০ হাজার টাকার বড় একটি অর্ডার পাওয়ার পর থেকে তার ব্যবসার গতি আরও বেড়ে যায়। বর্তমানে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৪০ হাজার টাকার টাইলস বিক্রি হচ্ছে এবং মাস শেষে তার আয় দাঁড়িয়েছে প্রায় লাখ টাকা। ব্যবসা শুরুর পর থেকে তার কারখানায় এলাকার ৭ থেকে ৮ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে ব্যবসার পরিধি আরও বাড়িয়ে ১৫ থেকে ২০ জন বেকারের কর্মসংস্থান সৃষ্টির সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে এই তরুণ উদ্যোক্তার।
প্রতিকূলতাকে জয় করে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে এক যুবকের ঘুড়ে দাঁড়ানোর এই গল্প গাইবান্ধার তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত।