কিস্তির চাপে ঘরের কোণে কান্নাকাটি করা সেই নারী আজ সম্পূর্ণ ঋণমুক্ত
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: সংসারে চরম অভাব, অসুস্থ স্বামী আর মাথার ওপর ঋণের পাহাড়—সব মিলিয়ে যখন চারপাশ অন্ধকার হয়ে এসেছিল, তখন হাল ছেড়ে না দিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন এক সংগ্রামী নারী। কিস্তির লোকের কড়া কথা আর ঋণের চাপে দিনে রাতে চোখের জল ফেলা সেই নারী আজ সমস্ত দেনা চুকিয়ে সম্পূর্ণ ঋণমুক্ত। ভ্যানে করে ঘরে ঘরে ও শহরের বিভিন্ন পয়েন্টে দুধ সরবরাহ করে তিনি আজ গ্রামীণ নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণার মূর্ত প্রতীক।
খোঁজ নিয়ে জানা যায়, স্বামীর হঠাৎ অসুস্থতা এবং ব্যবসার পুঁজির অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ঋণের কিস্তি শোধ করতে না পেরে বাড়িতে কিস্তিওয়ালারা বসে থাকত, যা তার জন্য অত্যন্ত লজ্জাজনক ও কষ্টের ছিল। এমন সংকটময় মুহূর্তে স্থানীয় এলএসপি (LSP) সাজাদুল ও নাজমুল ভাইয়ের সহায়তায় একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। পরবর্তীতে স্থানীয় খামারিদের সাথে কথা বলে তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করার অভিনব এক পথ বের করেন। এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন খামারির কাছ থেকে প্রতিদিন কেউ ৫ কেজি, কেউ ৭ কেজি করে প্রায় এক মণ দুধ সংগ্রহ করেন তিনি। খামারিদের সাথে চুক্তি হয় যে, দুধের দাম সাথে সাথে না দিয়ে সপ্তাহে বা মাসে পরিশোধ করা হবে। এভাবে সংগৃহীত দুধ নিজে হেঁটে কিংবা ভ্যানে করে শহরের চার মাথা, হোস্টেল মোড়সহ বিভিন্ন পয়েন্টে সরবরাহ করা শুরু করেন। এই ব্যবসার লভ্যাংশ থেকেই তিনি একে একে সমস্ত কিস্তির টাকা ও মানুষের ধারের দেনা পরিশোধ করেন। এমনকি যখন তার স্বামীর চোখের অপারেশন চলছিল, সেই কঠিন সময়েও এই ব্যবসা তার পাশে দাঁড়িয়েছে। আজ তার কোনো পাওনাদার বা দেনাদার নেই; বরং তিনি মাথা উঁচু করে বেঁচে আছেন এবং ভবিষ্যতে নিজের একটি ছোট প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছেন।
অভাব, প্রতিকূলতা আর ঋণের অন্ধকার পেরিয়ে এক নারীর সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের এই ঘুরে দাঁড়ানোর গল্প গাইবান্ধাসহ সমগ্র দেশের সংগ্রামী মানুষের মনে নতুন আশার আলো জ্বেলেছে