গাইবান্ধায় দিনব্যাপী হয়ে গেল ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৬’
তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৬’।
নিজস্ব প্রতিবেদক :
তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৬’।
সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে ‘অপরাজেয় তারুণ্য, গাইবান্ধা’-এর আয়োজনে দিনব্যাপী এ যুব উৎসব অনুষ্ঠিত হয়।
“Youth Shaping Tomorrow: Stories of Youth-Led Change” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে জেলার বিভিন্ন পর্যায়ের তরুণ-তরুণী, যুব প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা, নারীর অধিকার, মানসিক স্বাস্থ্য এবং স্থানীয় পর্যায়ে যুবসমাজের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯টায় ‘অপরাজেয় তারুণ্য টিম’-এর ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের নিবন্ধন ও সকালের নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মূল পর্বের সূচনা হয়।
সকাল ১০টা ১৫ মিনিটে উদ্বোধনী ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউওয়াইপি (UYP) প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. আসফিয়া খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অতিথি পরিচিতি পর্বের পর বক্তব্য দেন ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রেদুয়ানুল হালিম।
অনুষ্ঠানে ইউওয়াইপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের মেন্টর মো. জিহানুল হক।
এরপর অনুষ্ঠিত হয় অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে ‘ইউওয়াইপি প্রকল্পে যাত্রা শুরু’, ‘স্কুল ও কমিউনিটিতে কী ধরনের পরিবর্তন এনেছেন’ এবং ‘অপরাজেয় তারুণ্য, আরএইচস্টেপ (RHSTEP) ও ইউওয়াইপি প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাচ্ছেন’—এসব বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ইউথ অ্যাডভোকেট মো. রেজাউল করিম, মেন্টর আত-হার মিহুথা তুবা এবং ভলান্টিয়ার মারুফা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. মহামুদা খাতুন এবং জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। এ ছাড়া আরএইচস্টেপ ক্লিনিক ও আলোরধারা পাঠশালার ইউনিট ম্যানেজার এনামুল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ জন্য নেতৃত্ব বিকাশের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন, উদ্যোক্তা তৈরি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং স্থানীয় পর্যায়ে কারিগরি ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্ব দিতে হবে। তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক সমস্যার সমাধানেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
এ ছাড়া ইউএইচসি (UHC) বিষয়ক প্লেনারি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন ইয়ুথ অফিসার মো. তাজবিউল ইসলাম।
দিনব্যাপী উৎসবে ব্যক্তিগত ও ক্যারিয়ার বিকাশ, পরিবার ও সমাজ গঠনে নারীর ভূমিকা, নারীর অধিকার ও সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, যুব অধিকার, মানসিক স্বাস্থ্য ও সচেতনতা, যুব নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয়, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) এবং জেন্ডার সমতা বিষয়ে বিভিন্ন আলোচনা ও অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়।
এসব সেশনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, নাট্য পরিবেশনা ও নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ, সমতা, অধিকার সচেতনতা এবং ইতিবাচক নেতৃত্বের চর্চাকে উৎসাহিত করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের নিজেদের সম্ভাবনা ও সক্ষমতা বিকাশের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
বিভিন্ন আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, কর্মশালা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিকেল ৫টায় সফলভাবে শেষ হয় দিনব্যাপী ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৬’।