কাঠের ফার্নিচার শিল্পে হঠাৎ ধস বিকল্প উপকরণের আগ্রাসন ও কারিগর সংকটে দিশাহারা
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: বাঙালির রুচি, আভিজাত্য এবং দীর্ঘস্থায়ী গৃহস্থালির চাহিদায় কাঠের আসবাবপত্রের বিকল্প মেলা ভার। কিন্তু আধুনিকতার ছোঁয়া, বাহারি বিকল্প উপকরণের আগ্রাসন এবং চড়া দামের যাঁতাকলে পড়ে গাইবান্ধার ঐতিহ্যবাহী কাঠের ফার্নিচার শিল্প আজ চরম সংকটের মুখে পড়েছে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিল তিল করে গড়ে ওঠা এই শিল্পে হঠাৎ ধস নামায় পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন শত শত দক্ষ কারিগর ও শ্রমিক।
খোঁজ নিয়ে জানা যায়, একসময় গাইবান্ধা শহর ও আশপাশের এলাকায় ছোট-বড় প্রায় দুই শতাধিক ফার্নিচার কারখানা সচল ছিল, যেখানে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় মফস্বল ও উপজেলা পর্যায়ে ফার্নিচারের দোকান ছড়িয়ে পড়া এবং আধুনিক সিএনসি মেশিনের যুগ আসায় ব্যবসার রূপ বদলাতে শুরু করেছে। বর্তমানে পার্টেক্স, ফরমিকা, প্লাইউড কিংবা অন্যান্য স্বল্পমূল্যের বোর্ড দিয়ে তৈরি আসবাবপত্রের প্রতি তরুণ প্রজন্ম ও সাধারণ ক্রেতাদের ঝোঁক প্রায় ৬০ ভাগে গিয়ে ঠেকেছে। কাঠের তৈরি একটি খাটের দীর্ঘস্থায়িত্ব এবং ১০ বছর পরেও যার একটি ভালো রিসেল বা বিক্রয়মূল্য থাকে, আধুনিক ওয়ান-টাইম বা স্বল্পস্থায়ী বোর্ড ফার্নিচারের সেই স্থায়িত্ব বা পুনর্বিক্রয় মূল্য কোনটিই নেই। তবুও কম খরচে দ্রুত ঘরের সৌন্দর্য বাড়াতে মানুষ বিকল্পের দিকে ঝুঁকছে। এর পাশাপাশি কাঁচামাল বা কাঠের লাগামছাড়া দাম, শ্রমিকের উচ্চমূল্য এবং পর্যাপ্ত মজুরি না পাওয়ায় গাইবান্ধার বিভিন্ন এলাকার (যেমন বলঝাড় অঞ্চল) শ্রমিক সংখ্যা ৭ হাজার থেকে কমে অর্ধেকে অর্থাৎ প্রায় ৩ হাজারে নেমে এসেছে। প্রবীণ ব্যবসায়ীরা বলছেন, কাঠের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধির বিপরীতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় কারিগররা টিকে থাকতে পারছেন না। তবে শত সংকটের মধ্যেও রুচিশীল মানুষের কাছে খাঁটি কাঠের তৈরি আসবাবপত্রের চাহিদা পুরোপুরি ফুরিয়ে যায়নি। আধুনিক ডিজাইনের সাথে তাল মেলাতে কিছু জায়গায় কম্পিউটার ডিজাইন ও সিএনসি মেশিনের ব্যবহার শুরু হলেও দক্ষ কারিগর তৈরি এবং পেশাদার শ্রমিকদের ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ এবং কার্যকর প্রশিক্ষণের বিকল্প নেই।
ঐতিহ্যবাহী এই কাঠের ফার্নিচার শিল্পকে টিকিয়ে রাখতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া না হলে গ্রামীণ অর্থনীতি ও কুটির শিল্পের এই গৌরবময় অধ্যায় চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।