ফেলে দেওয়া সুতার ঝুট থেকে হাজার কোটি টাকার অর্থনীতি

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: পোশাক কারখানার ফেলে দেওয়া অবশিষ্টাংশ বা সুতার ‘ঝুট’ একসময় কেবল বর্জ্য হিসেবেই নর্দমায় বা আবর্জনায় স্থান পেত। কিন্তু সেই অবহেলা করা ঝুট সুতা আজ উত্তরবঙ্গের গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার নয়াহাট এলাকায় জন্ম দিয়েছে হাজার কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক বিপ্লব। দেশের শীত নিবারণের বড় একটি অংশের জোগানদাতা এই নয়াহাট হুশিয়ারি পল্লী আজ পরিণত হয়েছে এক অনুকরণীয় গ্রামীণ শিল্পাঞ্চলে, যেখানে জড়িয়ে রয়েছে প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবনজীবিকা।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৫০-৫৫ সালের দিকে রহিমউদ্দিন নামের এক ব্যক্তির হাত ধরে মুজা তৈরির সাধারণ মেশিন দিয়ে এই জনপদে যে ব্যবসার সূত্রপাত হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ বিশাল মহীরুহে রূপ নিয়েছে। ১৯৯০-এর দশকে এই অঞ্চলে সোয়েটার উৎপাদনের সূচনা হয় এবং সাধারণ হ্যান্ড বা ম্যানুয়াল মেশিনের গণ্ডি পেরিয়ে আজ আধুনিক কম্পিউটারাইজড জ্যাকোয়ার্ড মেশিন পর্যন্ত এর প্রযুক্তির প্রসার ঘটেছে। নয়াহাট হুশিয়ারি পল্লীতে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে ৫ হাজারেরও বেশি ব্যবসায়ী অবস্থান করছেন। এর সাথে যুক্ত হয়েছেন গাইবান্ধার হাজার হাজার খেটে খাওয়া কৃষক, দিনমজুর ও কর্মক্ষম নারী-পুরুষ। বছরের ফেব্রুয়ারি মাস থেকে উৎপাদন শুরু হয়ে জুলাই-আগস্টে তা পূর্ণতা পায় এবং শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। সোয়েটার, কার্ডিগান, মাফলার ও মোজাসহ প্রায় দেড় হাজার আইটেমের শীতকালীন পোশাক তৈরি হয় এখানে। ঢাকার বাজারে যে পোশাকের দাম হাজার টাকা ছাড়িয়ে যায়, নয়াহাটের সাশ্রয়ী উৎপাদনের সুবাদে তা মাত্র ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে সাধারণ মানুষের নাগালে পৌঁছে যায়। টেকনাফ থেকে তেঁতুলিয়া—বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেখানকার পাইকার বা ব্যবসায়ীরা নয়াহাটে এসে পণ্য সংগ্রহ করেন না। প্রতিদিন এই পল্লীতে গড়ে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার লেনদেন ও পণ্য উৎপাদিত হয়।

তবে এত সাফল্যের মধ্যেও কিছু প্রতিকূলতা ও চ্যালেঞ্জ রয়ে গেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব, অপর্যাপ্ত মূলধন, ব্যাংক লোন বা লেনদেনের জন্য স্থানীয় ব্যাংকের অনুপস্থিতি এবং ভারী যানবাহন চলাচলের উপযোগী নয় এমন সরু রাস্তাঘাট ব্যবসায়ীদের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। ব্যবসায়ীরা জানান, সরকারের পক্ষ থেকে যদি একটি ব্যাংক শাখা স্থাপন, ট্যাক্স বা ভ্যাট সহজীকরণ এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ ও রপ্তানির সুযোগ তৈরি করা হয়, তবে এই শিল্প আন্তর্জাতিক বাজারেও পা রাখতে সক্ষম হবে। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি এখানে অত্যন্ত সুদৃঢ় হওয়ায় দেশের দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা নিরাপদে টাকা লেনদেন ও কেনাকাটা করতে পারেন এবং ব্যবসায়ীদের সুবিধার্থে স্থানীয় বাজারে আবাসিক হোটেলের ব্যবস্থাও করা হয়েছে।

বর্জ্য বা ঝুট থেকে সোনা ফলানোর এই গল্প কেবল গাইবান্ধার নয়াহাটকেই সমৃদ্ধ করছে না, বরং সমগ্র বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের এক অপার সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে।