বিবাহ বিচ্ছেদকে শক্তিতে রূপান্তর! ২২ বছরের লড়াই
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: সমাজ এবং পরিবারের প্রচলিত গণ্ডি পেরিয়ে জীবনে আসা চরম প্রতিকূলতাকে জয় করে কীভাবে একজন নারী সফলতার শিখরে পৌঁছাতে পারেন, তার এক উজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ক উপাখ্যান সৃষ্টি করেছেন মোসাম্মদ মুক্তা আক্তার। বিবাহ বিচ্ছেদের পর তৈরি হওয়া সামাজিক টানাপোড়েন ও হতাশার কাছে হার না মেনে, কেবল নিজের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে আজ তিনি একজন সফল ব্যবসায়ী ও এলাকার লড়াকু নারীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জীবনের শুরুতে বৈবাহিক সম্পর্কের ভাঙনের পর যখন বিবাহ বিচ্ছেদের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হন, তখন চারপাশের সমাজব্যবস্থা তাকে কোণঠাসা করে ফেলতে চেয়েছিল। কিন্তু সমাজ বা পরিবারের বোঝা না হয়ে নিজের ভাগ্য নিজেই গড়ার পণ করেন তিনি। ওই সময়ে পুঁজি বলতে কিছুই ছিল না তার কাছে। এনজিওর কাছে ঋণ চাইতে গেলে নারী হওয়ায় কেউ সহজে বিশ্বাস করতে চাইত না যে তিনি লোন পরিশোধ করতে পারবেন। তবুও শত অনুনয়-বিনয় করে মাত্র ৫ হাজার টাকা লোন সংগ্রহ করে তিনি একটি সেলাই মেশিন ক্রয় করেন। সেই ছোট্ট সেলাই মেশিন দিয়ে বাড়িতে কাজ শুরু করে তিল তিল করে তিনি গড়ে তোলেন আজকের এই ব্যবসাপ্রতিষ্ঠান। বর্তমানে তার দোকানে জুতা, কসমেটিকস, থ্রি-পিস, টু-পিস ও গজ কাপড়সহ নানা ধরনের পণ্যের বিশাল সমাহার রয়েছে। সুদীর্ঘ ২২ বছরের এই পথচলায় তার সবচেয়ে বড় মানসিক শক্তি ছিলেন তার বাবা, যিনি সবসময় মেয়ের পাশে দাঁড়িয়ে বলতেন—"সামনে তাকাও, পেছনে তাকানোর দরকার নেই।" ব্যবসা থেকে বর্তমানে তার মাসিক আয় ২০ থেকে ২৫ হাজার টাকা, যা দিয়ে তিনি মা ও ভাই-বোনদের নিয়ে একটি সচ্ছল পরিবার পরিচালনা করছেন। শুধু নিজে স্বাবলম্বী হওয়াই নয়, বরং তালাকপ্রাপ্ত বা একা নারীদের সমাজ যে অবমূল্যায়ন করে, সেই ভুল ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে আজ তিনি এলাকার আরও বহু নারীকে স্বাবলম্বী করে তোলার মহান ব্রত নিয়ে কাজ করছেন।
অভাব, সামাজিক বঞ্চনা আর বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা ছাপিয়ে এক নারীর মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোর এই লড়াকু গল্প গ্রামীণ জনপদের প্রতিটি মানুষের হৃদয়ে এক নতুন সাহসের সঞ্চার করেছে।