ব্যবসা না চললেও খাবারে ভেজাল দেব না

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: লাভের মোহে যখন চারপাশে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি, ঠিক সেই সময়ে নীতি ও আদর্শকে পুঁজি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার এক নারী উদ্যোক্তা। “ব্যবসা বন্ধ হয়ে যাক, তবুও খাবারে কখনো ভেজাল দেব না”—এই অটল পণ নিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, ভেজালমুক্ত ও হোমমেড কেক তৈরি করে গ্রামীণ ও শহরবাসীর নজর কেড়েছেন তিনি। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তার এই আপসহীন লড়াই আজ কুসংস্কার ও ভেজালের বাজারে এক আলোর দিশারি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালে গাইবান্ধার বিশিষ্ট কেক বেকিং ট্রেনার সালসাবিল তাবাসসুম প্রিমার কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। মূলত নিজের ছোট সন্তানকে বাজারের ক্ষতিকর ও রাসায়নিক রঙযুক্ত বেকারি কেকের হাত থেকে রক্ষা করে নিরাপদ খাবার খাওয়ানোর তাগিদ থেকেই তিনি এই পেশায় আসেন। জিরো থেকে শুরু করে প্রায় ৫০ হাজার টাকার বেশি খরচ করে ওভেন ও প্রয়োজনীয় বেকিং সরঞ্জাম সংগ্রহ করেন। শুরুর দিকে নাকাইহাট এলাকায় ১২০ টাকার বেকারি কেকের বিপরীতে ৪০০ টাকার মানসম্মত হোমমেড কেকের পরিচিতি ঘটানো অত্যন্ত কঠিন ছিল। স্থানীয় কিছু ব্যবসায়ী কম দামে বা সামান্য ভেজাল মিশিয়ে কেক দেওয়ার প্রস্তাব দিলেও তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। বরং গুণগত মান বোঝাতে তিনি নিজেই নামমাত্র মূল্যে (২৫০ টাকায়) কাস্টমারদের কেক খাইয়ে অভ্যস্ত করেন এবং ধীরে ধীরে এর সুখ্যাতি ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থান করে ভ্যানিলা, অরেঞ্জ ও শিশুদের অত্যন্ত পছন্দের চকলেট ফ্লেভারের কেক তৈরি করছেন। একটি কেক নিখুঁতভাবে তৈরি করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে এবং শতভাগ হাইজিন মেনে চলায় এই কেকগুলো চার দিনের বেশি সংরক্ষণ করা হয় না। গ্রাহকদের আস্থাই তার ব্যবসার মূল পুঁজি।

বাণিজ্যিক মুনাফার চেয়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে একজন নারীর এমন সততা ও সাহসিকতার উদ্যোগ সমাজকে এক সুস্থ ও সুন্দর বার্তা দিচ্ছে।