প্রতিদিন লাখ টাকার মাছ কেনাবেচায় মুখরিত বাদিয়াখালীর পাইকারি আড়ত

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অর্থনীতি ও বাণিজ্যের প্রসারে পাইকারি বাজারগুলোর ভূমিকা অপরিসীম। ভোরবেলা চারপাশ যখন ঘুমের আড্ডায় আচ্ছন্ন, ঠিক তখনই কর্মচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে গাইবান্ধার বাদিয়াখালী পুরাতন ব্রিজ রোড সংলগ্ন মাছের পাইকারি আড়ত। প্রতিদিন লাখ লাখ টাকার দেশি ও সুস্বাদু মাছের বেচাকেনায় মুখরিত এই আড়ত এখন স্থানীয় মৎস্য ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী মৎস্য আড়ত। এখানকার অভিজ্ঞ ব্যবসায়ীদের মতে, প্রতিদিন এই বাজারে বিপুল পরিমাণ মাছের লেনদেন হয়। রাজশাহী, নওগাঁ, সান্তাহার, মোকামতলা, গোবিন্দগঞ্জ ছাড়াও চট্টগ্রাম, পদ্মা ও কক্সবাজারের মতো দূর-দূরান্তের অঞ্চল থেকে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস, শিং, মাগুর, বোয়ালসহ হরেক রকমের তাজা মাছ এখানে এসে পৌঁছায়। ফুলছড়ি, কালাসোনার চরসহ আশপাশের বিভিন্ন চরাঞ্চল এবং দূর-দূরান্তের খুচরা ব্যবসায়ীরা নৌকা, রিকশা বা গাড়িতে করে প্রতিদিন ভোরে এখানে ছুটে আসেন মাছ সংগ্রহ করতে। ভোররাত থেকে শুরু করে দুপুর ও বিকেল পর্যন্ত উন্মুক্ত ডাক বা নিলামের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে পাইকারি দামে মাছ কেনাবেচা চলে। ব্যবসায়ীদের পারস্পরিক আস্থাশীলতা ও দীর্ঘদিনের এই চর্চা এলাকার অর্থনীতিতে এক গতিশীল ধারা বজায় রেখেছে।

স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি গ্রামীণ বাণিজ্য প্রসারে বাদিয়াখালীর এই মৎস্য আড়ত এক অনন্য অর্থনৈতিক উদাহরণ সৃষ্টি করেছে।