পুষ্টিগুণে ভরপুর টেঁকি ছাঁটা লাল চালের দারুণ সাফল্য
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: আধুনিক অটো রাইসমিলের চিকন ও পলিশ করা চালের পুষ্টিগুণ হারিয়ে যখন মানুষ নানা জটিল রোগে আক্রান্ত, ঠিক সেই সময়ে পুষ্টির সুরক্ষায় প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে এনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক উদ্যোমী উদ্যোক্তা। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট বাজারে সম্পূর্ণ ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত ‘টেঁকি ছাঁটা লাল চাল’ প্রস্তুত ও বাজারজাত করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন তিনি। এই পুষ্টিসমৃদ্ধ চাল বিক্রি করে বর্তমানে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সময়ে অস্বাস্থ্যকর ও প্রক্রিয়াজাত খাবারের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, কোষ্ঠকাঠিন্য এবং চুল পড়ার সমস্যা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এসব স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পেতে পুষ্টিবিদরাও লাল চাল বা ফাইবারসমৃদ্ধ খাবারের পরামর্শ দিয়ে থাকেন। এই বিষয়টি মাথায় রেখে উদ্যোক্তা তার কারখানায় মেকানিক্যাল ঢেঁকি ও আধুনিক প্রযুক্তির সাহায্যে ধান থেকে পুষ্টি উপাদান অক্ষুণ্ণ রেখে লাল চাল প্রস্তুত করছেন। প্রক্রিয়াজাতকরণের প্রতিটি ধাপে স্থানীয় নারীরা নিপুণহাতে কুলা দিয়ে চাল পরিষ্কার ও বাছাই করেন। এরপর “SOA Bangladesh”-এর ব্যানারে আকর্ষণীয় প্যাকেটে সিল করে তা ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়। এই চালে ভিটামিন বি, মিকোকোবালাম, আয়রন এবং কার্বোহাইড্রেটের সঠিক ভারসাম্য থাকায় স্বাস্থ্যসচেতন ক্রেতাদের নিকট এর কদর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত এই খাদ্যপণ্য সরবরাহ করায় শুধু স্থানীয় ক্রেতারাই নন, বরং দূরদূরান্ত থেকেও অনেকে যোগাযোগ করে এই চাল সংগ্রহ করছেন।
প্রাকৃতিক পুষ্টিগুণ বজায় রেখে এবং গ্রামীণ ঐতিহ্যকে আধুনিক ব্যবসার সাথে যুক্ত করে আত্মনির্ভরশীল হয়ে ওঠার এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।