অসুস্থতায় গার্মেন্টসের চাকরি হারিয়ে আজ সফল উদ্যোক্তা

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতা ও কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপের কারণে চাকরি হারিয়ে অনেকেই যখন দিশাহারা হয়ে পড়েন, তখন হার না মানা মানসিকতা নিয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছেন এক লড়াকু তরুণ। দীর্ঘদিন পোশাক কারখানায় দক্ষতার সাথে কাজ করার পর গুরুতর অসুস্থতায় চাকরি ছাড়তে বাধ্য হলেও, আজ তিনি নিজস্ব কারখানার মালিক। অন্যের অধীনে কাজ করার গণ্ডি পেরিয়ে নিজের পরিশ্রমে আজ তিনি সফল এক উদ্যোক্তা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে পোশাক কারখানায় এ-গ্রেড সুইং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু অতিরিক্ত ডাস্ট অ্যালার্জি ও গলার ইনফেকশনের কারণে চিকিৎসকরা তাকে তিন মাসের বিশ্রামের পরামর্শ দেন। কারখানার অতিরিক্ত প্রোডাকশনের চাপের সাথে অসুস্থ শরীর নিয়ে পেরে না ওঠায় এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে তিনি স্ত্রীর সাথে পরামর্শ করে নিজ বাড়িতেই কিছু করার সিদ্ধান্ত নেন। জমানো কিছু টাকা এবং কারখানা বন্ধ করে দেওয়া এক বন্ধুর সহযোগিতায় পাওয়া মেশিনের সাহায্যে মাত্র ৮ হাজার টাকার কাপড় কিনে শুরু হয় তার নতুন লড়াই। ঢাকার কোনাবাড়ী, নারায়ণগঞ্জের গাউছিয়া ও নরসিংদী থেকে কাঁচামাল সংগ্রহ করে তিনি মেয়েদের লং টপ, প্লাজু, টি-শার্ট এবং শিশুদের বিভিন্ন পোশাক তৈরি শুরু করেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তার কারখানায় প্রায় ২০০ পিস পোশাক উৎপাদিত হয় এবং সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে তা বাজারে সরবরাহ করা হয়। শুরুতে ভ্যানে করে নিজেই হকারি করে পণ্য বিক্রি করলেও আজ স্থানীয় দোকান ও ক্রেতারা তার কারখানা থেকে সরাসরি পোশাক সংগ্রহ করছেন। শুধু নিজে স্বাবলম্বী হওয়াই নয়, বরং এলাকার বেকার ও চাকরি হারানো তরুণদের মাত্র ৩ হাজার টাকায় সব ধরনের মেশিন চালনার কাজ শিখিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছেন এই মানবিক উদ্যোক্তা।

প্রতিকূলতা ও অসুস্থতাকে জয় করে তিল তিল করে গড়ে ওঠা এই উদ্যোক্তার জীবনসংগ্রাম গ্রামীণ জনপদে আত্মনির্ভরশীলতার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।