দালালের প্রতারণায় সর্বস্ব হারিয়েও অদম্য জেদে ঘুরে দাঁড়ালেন কবির হোসেন

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: জীবনে একবার ধাক্কা খেয়ে যারা চিরতরে ভেঙে পড়েন, তাদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার নাম কবির হোসেন। প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের হাতে টাকা দিয়ে প্রতারণার শিকার হওয়া, মুদি ব্যবসায় লোকসান গুনে শূন্য হাতে পৌঁছে যাওয়া—এমন হাজারো প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি একজন সফল ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা। নিজের কায়িক পরিশ্রম ও সততাকে পুঁজি করে গ্রামীণ জনপদে আসবাবপত্র ব্যবসার মাধ্যমে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, অতীতে ঢাকায় চাকরি ও মুদি ব্যবসা করার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটের কারণে নানা চড়াই-উতরাই পার করতে হয়েছে তাকে। একপর্যায়ে উন্নত জীবনের আশায় কাতারে যাওয়ার জন্য এক দালালের হাতে ২৫ হাজার টাকা তুলে দিলে সেই টাকা মার যায় এবং স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ব্যবসাও বন্ধ হয়ে যায়। চরম হতাশা ও বেকারত্বের সেই দিনেও তিনি হাল ছাড়েননি। বাবার সাথে অতীতে রডের আনারলার কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্ত্রীর স্বর্ণালংকার ও সমিতি থেকে লোন নিয়ে নতুনভাবে ফার্নিচার ও গৃহস্থালির আসবাবপত্রের ব্যবসা শুরু করেন। বর্তমানে তার দোকানে শোকেস, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, খাট, আলমারি, স্টিলের বাক্স, চায়না র‍্যাক থেকে শুরু করে প্লাস্টিকের নানা আসবাবপত্র পাওয়া যাচ্ছে। অন্যান্য ব্যবসায়ীদের মতো অতিরিক্ত কর্মচারী বা বাড়তি খরচ না রেখে তিনি নিজে কায়িক পরিশ্রম করায় কম মূল্যে ও সাশ্রয়ী দামে ক্রেতাদের মানসম্মত পণ্য দিতে পারছেন। গাইবান্ধা থেকে সিএনজিযোগে মাত্র ৫০ টাকা ভাড়ায় উল্লাবাজারে পৌঁছানোর পর সহজেই তার এই প্রতিষ্ঠানে যাতায়াত করা সম্ভব।

প্রতারণা ও চরম দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে দাঁড়ানোর এই লড়াকু মানুষের জীবনসংগ্রাম গ্রামীণ যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।