নিজের শখ আর সৃজনশীলতাকে পুঁজি করে সততার ব্যবসা
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: শখ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার এক উজ্জ্বল ও সৃজনশীল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণী উদ্যোক্তা। পড়াশোনা ও নিজের ভালোলাগাকে কাজের সাথে মিলিয়ে হ্যান্ড পেইন্টের পাশাপাশি পাইপ ক্লিনার, ম্যাক্রেম ও কার্ডবোর্ড দিয়ে নান্দনিক ঘর সাজানোর হস্তশিল্প তৈরি করে তিনি এক ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করেছেন। অতিরিক্ত মুনাফার চিন্তা না করে সম্পূর্ণ সততা ও হালাল উপায়ে ব্যবসা পরিচালনার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের পথে।
খোঁজ নিয়ে জানা যায়, শাড়ি ও চাদরে হ্যান্ড পেইন্টের কাজের পাশাপাশি ব্যবসার পরিধি বাড়ানোর জন্য তিনি পাইপ ক্লিনার ও ফ্যায়ারি লাইট দিয়ে আকর্ষণীয় ল্যাম্প, ম্যাক্রেমের কাজ এবং কার্ডবোর্ড ও পাইপ ক্লিনারের তৈরি দৃষ্টিনন্দন ওয়াল হ্যাঙ্গিং তৈরি শুরু করেছেন। বাজার বা অন্যান্য অনলাইন পেজে এই ধরনের হ্যান্ডিক্রাফট পণ্যের দাম ৯০০ থেকে ১২০০ টাকা বা তার বেশি রাখা হলেও তিনি ক্রেতাদের সাধ্যের কথা চিন্তা করে মাত্র ৫০০ টাকার মধ্যে এবং ক্রেতার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে তা সরবরাহ করছেন। ‘টুসি ক্রাফট ক্যানভাস’ নামক নিজস্ব অনলাইন পেজের মাধ্যমে বর্তমানে তার এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিজের জমানো টাকা ও পারিবারিক সহায়তার পাশাপাশি তার এই পথচলায় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছেন তার ১৫ বছরের পুরনো ঘনিষ্ঠ বান্ধবী সম্পা আক্তার, যিনি মানসিকভাবে ও আর্থিকভাবে তার স্বপ্ন পূরণে নিরলস সহযোগিতা করে যাচ্ছেন। ছোটবেলা থেকেই পেইন্টিং ও ক্রাফটিংয়ের প্রতি ঝোঁক থাকায় প্রতিটি পণ্য তিনি অত্যন্ত যত্ন ও নিখুঁতভাবে তৈরি করেন। কম খরচে মানসম্মত হস্তশিল্প সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়ার আনন্দই তার কাজের মূল প্রেরণা। ব্যবসার ক্ষেত্রে সততা ও বিশ্বস্ততাকে সবচেয়ে বড় পুঁজি হিসেবে ধরে নিয়ে তিনি ভবিষ্যতে নিজের কাজকে আরও বহুদূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।
সৃজনশীলতা, সততা আর অদম্য বন্ধুত্বের মেলবন্ধনে গড়ে ওঠা এই তরুণীর উদ্যোগ গ্রামীণ ও অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।