ইজি বাইক ও আইপিএসের ব্যাটারি সুরক্ষায় জেনে নিন জরুরি টিপস
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: আমাদের দৈনন্দিন জীবন, গ্রামীণ জনপদের ইজি বাইক চলাচল কিংবা ঘরের আইপিএস-সোলার সিস্টেমের অন্যতম চালিকাশক্তি হলো ব্যাটারি। কিন্তু সামান্য কিছু অসতর্কতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে লাখ লাখ টাকা দামের এসব ব্যাটারি নির্ধারিত আয়ু শেষ হওয়ার আগেই অকেজো হয়ে পড়ছে। সঠিক নিয়মে ব্যাটারি ব্যবহার ও পরিচর্যা না করার ফলে কীভাবে বহুমূল্যবান ব্যাটারিগুলো নষ্ট হচ্ছে এবং এর থেকে সুরক্ষার উপায় কী—তা নিয়ে সচেতনতামূলক নানা দিক উঠে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ব্যবহারকারীর অসতর্কতা। সাধারণত প্রতি এক থেকে তিন মাস পর পর ব্যাটারির ভেতরের সেলে পানির লেভেল এবং এসিডের গ্রাভিটি পরীক্ষা করার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা করা হয় না। এছাড়া আইপিএস বা সোলার প্যানেলের চার্জিং ডিভাইস ও কন্ট্রোল প্যানেল ঠিকমতো কাজ করছে কি না, তা যাচাই না করে অতিরিক্ত বা নিম্ন লোডে ব্যাটারি চার্জে বসানো হয়। অনেক সময় দেখা যায়, ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর পর্যাপ্ত ঠান্ডা না করেই পুনরায় লোড দেওয়া হয় কিংবা চার্জ শূন্য হয়ে যাওয়ার সাথে সাথেই ঠান্ডা না করে আবার চার্জে বসানো হয়। বিশেষ করে ইজি বাইক বা অটোরিকশার চালকরা তাড়াহুড়ো করে উচ্চ অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জার ব্যবহার করে দ্রুত চার্জ দেওয়ার চেষ্টা করেন, যা ব্যাটারির ভেতরের সেলগুলোকে ভেতর থেকে মারাত্মকভাবে ড্যামেজ করে দেয়। এর ফলে ব্যাটারির ভেতরের জেল শুকিয়ে যায় কিংবা পানির ব্যাটারির লিড বা প্লেট হার্ড হয়ে সালফেশন জমে যায়। এর পরিণতিতে ব্যাটারি আর আগের মতো চার্জ ধরে রাখতে পারে না, কাঙ্খিত মাইলেজ বা ব্যাকআপ দেয় না এবং চালকরা নতুন ব্যাটারি কিনতে বাধ্য হন। তবে বিশেষজ্ঞদের মতে, ভোল্টমিটারের মাধ্যমে নির্দিষ্ট প্যারামিটার পরীক্ষা করে অনেক দামি ব্যাটারি নির্দিষ্ট প্রক্রিয়ায় ‘রিজেনারেশন’ বা পুনরুজ্জীবিত করা সম্ভব হলেও, তার আগে নিয়মিত স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। নিয়মিত বিরতিতে পানির লেভেল চেক করা, সঠিক তাপমাত্রায় ও নিয়মে চার্জ দেওয়া এবং সামান্য সচেতনতা অবলম্বন করলেই মূল্যবান ব্যাটারির আয়ু বহুগুণ বাড়িয়ে অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।
যানবাহন ও গৃহস্থালির অপরিহার্য এই শক্তির উৎসগুলোকে টিকিয়ে রাখতে সচেতনতা ও সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই।