মাত্র ৮০ টাকায় দুই পিস হাঁসের মাংস ও গরম খিচুড়ি
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে পছন্দের ও তুলনামূলক ব্যয়বহুল খাবারগুলো অনেকের কাছেই যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ঠিক এমন বাস্তবতায় শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের সাধ্যের কথা ভেবে মাত্র ৮০ টাকায় দুই পিস হাঁসের মাংস, গরম খিচুড়ি ও সালাদের প্যাকেজ দিয়ে গাইবান্ধায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এক পরিশ্রমী খাদ্য উদ্যোক্তা।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে হাঁসের মাংসের খিচুড়ি সাধারণত ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হলেও সব শ্রেণির মানুষের স্বাদ নেওয়ার সুযোগ করে দিতে ঘরোয়া মসলায় রান্না করা এই খাবারের দাম মাত্র ৮০ টাকা নির্ধারণ করেছেন তিনি। এর আগে মাত্র ৬০ টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করে স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই উদ্যোক্তা। পরবর্তীতে ক্রেতাদের বৈচিত্র্যময় চাহিদা এবং শীতের মৌসুমকে সামনে রেখে মেনুতে নতুন সংযোজন হিসেবে হাঁসের খিচুড়ি যুক্ত করা হয়। আগে থেকেই চালু করায় ইতোমধ্যে বিষয়টি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি প্যাকেট বিক্রি হচ্ছে, যা সামনের শীতে আরও বাড়বে বলে আশা করছেন তিনি। স্বল্প লাভ রেখে মান ও স্বাদের সাথে আপস না করার ফলে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মাঝে বেশ আস্থা তৈরি হয়েছে। দুপুর ২টা থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত দোকানে বসে খাওয়ার পাশাপাশি পার্সেল সুবিধা এবং কোনো আয়োজনের জন্য ১০, ২০ কিংবা ৫০ প্যাকেটের মতো অগ্রিম অর্ডারও সরবরাহ করা হয়। গাইবান্ধা থেকে শুরু হওয়া তার নিজস্ব প্রতিষ্ঠান ‘মমতাজ চিকেন চাপঘর’-কে একদিন সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বিশ্বস্ত ও পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার বড় স্বপ্ন দেখছেন তিনি। আগ্রহীদের সরাসরি প্রতিষ্ঠানে এসে খাবারের মান ও স্বাদ যাচাই করে মতামত জানানোর আমন্ত্রণও জানিয়েছেন এই উদ্যোক্তা।
সাধ্যের মধ্যে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন এবং স্থানীয়ভাবে একটি ব্র্যান্ড গড়ে তোলার এই উদ্যোগ গাইবান্ধার ক্ষুদ্র খাদ্য উদ্যোগের ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।