৬০ টাকার এক অর্ডার থেকে বদলে যাওয়া জীবন
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে ছোট একটি পদক্ষেপও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার তরুণী নারী উদ্যোক্তা আফি। মাত্র ৫,০০০ টাকা পুঁজি আর নিজের রান্নার দক্ষতাকে সম্বল করে তিনি গড়ে তুলেছেন অনলাইনভিত্তিক খাবার সরবরাহ প্রতিষ্ঠান ‘আফি হোমমেড ফুড’।
শুরুটা একেবারেই সহজ ছিল না। ফেসবুকে পেজ খোলার পর দীর্ঘ সময় কোনো অর্ডার ছিল না। পরবর্তীতে গাইবান্ধার একটি স্থানীয় অনলাইন গ্রুপে পেজ মেনশনের সুবাদে ৬০ টাকার লুচি ও আলুর দমের অর্ডার দিয়ে তার ব্যবসায়িক পথচলা শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার মেন্যুতে ফাস্টফুডের পাশাপাশি হাঁসের মাংস, পোলাও, রোস্ট ও দেশীয় ভর্তা-ভাতের মতো বাঙালি ঐতিহ্যবাহী খাবারও যুক্ত হয়েছে। প্রতিদিন গড়ে ৭-৮টি হোম ডেলিভারি দিয়ে তিনি এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
এই যাত্রায় মা, স্বামী ও ছোট ভাইয়ের আন্তরিক সহযোগিতা তাকে সাহস জুগিয়েছে। ব্যবসা থেকে মাসে ২০-২৫ হাজার টাকা আয় করে তিনি নিজের পড়াশোনার খরচ মিটিয়ে পরিবারকে আর্থিক সহায়তা করছেন। তার স্বপ্ন একদিন এই উদ্যোগটিকে একটি স্থায়ী ও বড় প্রতিষ্ঠানে রূপান্তর করার। আফির এই অদম্য পথচলা গাইবান্ধার তরুণীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা।