উপার্জনের নতুন দিগন্ত দেখল ১২০ নারী
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: পরিবারের গণ্ডি পেরিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামীণ জনপদের নারীরা। প্রাতিষ্ঠানিক কোনো খরচ ছাড়াই সম্পূর্ণ বিনা মূল্যে পেশাগত হস্তশিল্প প্রশিক্ষণ গ্রহণ করে তারা এখন নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সংসারের আয়ের চাকা সচল করেছেন। প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন ও বেকারত্ব দূর করার এই উদ্যোগ স্থানীয় সমাজে এক ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ‘অবলম্বন’-এর আয়োজনে এবং ঢাকা উইম্যান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর সহযোগিতায় ‘ফ্রেম প্রজেক্ট’-এর আওতায় মালিবাড়িসহ বিভিন্ন এলাকার মোট ১২০ জন নারীকে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দীর্ঘ ২৫ দিনব্যাপী কুশিকাটা, ব্যাগ, বাস্কেট, ফ্লোর কাভারিং কার্পেট, রানার ম্যাট, কুশন কভার এবং শিশুদের পোশাক তৈরির ওপর নিবিড় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। শুধু তাই নয়, কাজ শেখার পাশাপাশি প্রয়োজনীয় সুতা ও উপকরণও সরবরাহ করা হয়েছে তাদের। উৎপাদিত এসব পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি ‘বুনন কুটির’-এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। সংসারের কাজের ফাঁকে নারীরা ঘরে বসেই এসব পণ্য তৈরি করে মাসে চার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আয় করছেন। স্বামীর আয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকার দিন পেরিয়ে এখন নিজের উপার্জনে পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি সমাজে নিজেদের সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের অধিকারও নিশ্চিত করতে পারছেন এই নারীরা।
প্রান্তিক নারীদের দক্ষ ও কর্মক্ষম করে তোলার এই জীবনমুখী উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নারী ক্ষমতায়নের এক অনন্য মডেল হয়ে উঠেছে।