কুসংস্কার ভেঙে পানের বরজে সোনালী স্বপ্নের হাতছানি

কৃষি

নিজস্ব প্রতিবেদক: “যাদের বংশে পান চাষ ছিল না, তারা চাষ করলে অমঙ্গল হবে”—এমন এক অন্ধ কুসংস্কার ও সামাজিক ভীতি অতীতে গ্রামীণ জনপদে প্রচলিত ছিল। তবে সময়ের পরিক্রমায় সেই গোঁড়ামি ও কুসংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে আজ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে লাভজনক পান চাষ। প্রচলিত কুসংস্কারকে পেছনে ফেলে নিবিড় পরিচর্যা ও পরিশ্রমে পানের বরজ গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক অভিজ্ঞ কৃষক।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে পান চাষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এই কৃষক। তার জীবনের সিংহভাগ সময়ই কেটে যায় পানের বরজে ঘামে ভেজা পরিশ্রমে। প্রায় ২০ শতাংশ জমিতে পান চাষ করতে গিয়ে বাঁশ সংগ্রহ, বরজ তৈরি, চারা রোপণ এবং প্রতি সপ্তাহে নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগের পেছনে দুই থেকে তিন লাখ টাকা বিনিয়োগ করতে হয়। অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত পানের ভালো বাজারদর পাওয়া গেলেও কৃষকদের জীবন সবসময় অনুকূলে থাকে না। অতিরিক্ত বৃষ্টি বা বর্ষার মৌসুমে পানের গোড়ায় রোগ বা পচন ধরা (স্থানীয় ভাষায় ‘মোরগ ধরা’) এবং অতিরিক্ত শীতে পাতা ঝরে যাওয়ার ফলে অনেক সময় বড় অঙ্কের আর্থিক লোকসানের শিকার হতে হয় তাকে। উৎপাদিত পান স্থানীয় লক্ষ্মীপুর ধুকনি বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে কখনো আশানুরূপ দাম মিললেও কখনো কম দামে বিক্রি করতে বাধ্য হন তিনি। নানা প্রতিকূলতা, প্রাকৃতিক বিপর্যয় আর পুঁজির সংকট সত্ত্বেও মাটির সাথে মিতালি গড়ে তোলা এই কৃষক হাল ছাড়েননি। তার মতে, সঠিক পরিচর্যা ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করা গেলে এই পেশা থেকেই সুন্দর ও সম্মানের সাথে জীবন নির্বাহ করা সম্ভব।

অতীতের কুসংস্কারকে জয় করে গ্রামীণ কৃষি ও অর্থনীতিতে পানের বরজভিত্তিক এই আত্মনির্ভরশীলতার সংগ্রাম সমাজকে এক দারুণ বার্তা ও অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।