প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই গাড়ির বডি বানিয়ে এলাকায় ইঞ্জিনিয়ার হিসেবে তাক লাগালেন
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: উচ্চতর ডিগ্রি বা প্রকৌশলী হওয়া মানেই যে বড় প্রতিষ্ঠানে চাকরি—এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মেধা, হাতযশ আর কঠোর পরিশ্রমে গাড়ির বডি নির্মাণে অনন্য দক্ষতা অর্জন করেছেন এক নিবেদিতপ্রাণ কারিগর। প্রাতিষ্ঠানিক পড়াশোনা না থাকলেও পরিবহনের জগতে তাকে সবাই একজন দক্ষ ‘ইঞ্জিনিয়ার’ হিসেবেই চেনেন। পাঞ্জারি পরিবহন, কলমিলতা ও একুশে পরিবহনের মতো বড় বড় যাত্রী বাহী বাসের নান্দনিক বডি তৈরি করে তিনি উত্তর জনপদে নিজের নাম পাকাপোক্ত করেছেন।
জীবিকার অন্বেষণে একসময় ঢাকায় গিয়ে দীর্ঘ ১২ বছর ধরে হাড়ভাঙা পরিশ্রম করে গাড়ি তৈরির কাজ শেখেন তিনি। শুরুর দিকে দিনে দুবেলা খেয়ে না খেয়ে সামান্য বেতনে দিন কাটলেও অদম্য ইচ্ছেশক্তির বলে তিনি এই পেশায় সিদ্ধহস্ত হন। পরবর্তীতে মাত্র ৩-৪ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের এলাকায় এই কর্মযজ্ঞ শুরু করেন। বর্তমানে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের পরিবহন মালিকরা নিখুঁত কাজের টানে তার কাছে গাড়ি নিয়ে আসেন। একটি গাড়ির সম্পূর্ণ বডি, সিট ও পেইন্টিং নিখুঁতভাবে শেষ করতে প্রায় এক মাস সময় লাগে। তার অধীনে বর্তমানে এক থেকে দেড় ডজন শ্রমিক কাজ করছেন, আর তার কাছে কাজ শিখে অনেকে আজ মধ্যপ্রাচ্যেও সফলভাবে কাজ করছেন।
শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার এই গল্প প্রমাণ করে—দক্ষতা ও সততা থাকলে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছাড়াই নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি সমাজেও অনন্য অবদান রাখা সম্ভব।