একসময়ে সন্তানকে ভাত দিতে পারেননি
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: অভাব অনটন আর চরম দারিদ্র্য যাদের নিত্যদিনের সঙ্গী ছিল, দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের জোরে তাঁরাই আজ গ্রামীণ জনপদের পরিবর্তনের অগ্রদূত। একসময়ে নিজের সন্তানকে দুই বেলা ঠিকমতো ভাত দিতে না পারা এক নারী আজ সফল উদ্যোক্তা হয়ে কেবল নিজের ভাগ্যই বদলাননি, বরং এলাকার অর্ধশতাধিক অবহেলিত নারীর কর্মসংস্থান ও আর্থিক মুক্তির পথ তৈরি করে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জীবনের কঠিন সংগ্রামের দিনে হাঁস-মুরগির ডিম বিক্রি করে জমানো ১৬০০ টাকা আর সরকারি প্রশিক্ষণের কিছু টাকা মিলিয়ে স্বামী বগুড়া থেকে পাইপ বা প্লাস্টিকের বস্তা এনে দেন। এরপর মাত্র ৩৫০০ টাকায় একটি পা-চালিত সেলাই মেশিন কিনে শুরু হয় সাদিনার অদম্য পথচলা। অন্যের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং দিনে-রাতে ৮ থেকে ১০ ঘণ্টা হাড়ভাঙা পরিশ্রম করে পিপি বস্তা দিয়ে ব্যাগ তৈরি করা আয়ত্ত করেন তিনি। বর্তমানে জৈষ্ঠ্য থেকে ভাদ্র মাস পর্যন্ত পিক সিজনে তার কারখানায় মাসে প্রায় ৩ লক্ষ টাকার ব্যাগ বিক্রি হয়। গাইবান্ধা, পলাশবাড়ী, চতরাহাট ও খালাসপীরসহ বিভিন্ন অঞ্চলের পাইকাররা তার এখান থেকে ব্যাগ কিনে নিয়ে বিভিন্ন হাটে সরবরাহ করেন। ৬ থেকে ১৮ টাকা মূল্যের বস্তা দিয়ে তৈরি একেকটি ডজন ব্যাগ ৭৬ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে ব্যবসায়িক সফলতার চেয়েও বড় প্রাপ্তি হলো এলাকার দরিদ্র নারীদের স্বাবলম্বী করা। আগে যাঁদের স্বামীদের আয়ের ওপর পুরোপুরি নির্ভর থাকতে হতো, সাদিনার কারখানায় কাজ শিখে আজ তাঁরা নিজেদের ও সন্তানদের পড়াশোনা ও নিত্যদিনের খরচ নিজেরাই মেটাচ্ছেন। বর্তমানে ৫টি মেশিন নিয়ে কাজ চললেও অদূর ভবিষ্যতে নিজের বাড়িতেই একটি বড় গার্মেন্টসের আদলে কারখানা গড়ে তোলার স্বপ্ন দেখছেন এই সংগ্রামী নারী।
অভাবের অন্ধকার পেরিয়ে এক নারীর এমন ঘুরে দাঁড়ানোর গল্প গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।