ফেলে দেওয়া কলা গাছ এখন কোটি টাকার সম্ভাবনা

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: গ্রামাঞ্চলে ফল সংগ্রহের পর যে কলা গাছটি সাধারণত অপ্রয়োজনীয় বা আবর্জনা ভেবে ফেলে দেওয়া হতো, আজ সেই পরিত্যক্ত গাছ থেকেই উৎপাদিত হচ্ছে বিশ্বমানের বহুমুখী ফাইবার বা সুতা। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কলার গাছের এই তন্তু থেকে স্যানিটারি ন্যাপকিন, উন্নত কাপড়, টেকসই রশি এবং শোপিসের মতো মূল্যবান পণ্য তৈরি করে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন উদ্যোক্তারা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রচলিত নিয়মে কলার মোচা ও কলা কাটার পর গাছটি সাধারণত গোড়া থেকে কেটে ফেলে দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে উদ্যোক্তারা এই পরিত্যক্ত গাছগুলোকে সংগ্রহ করে মেশিনের মাধ্যমে প্রসেস করে অত্যন্ত শক্তিশালী ও মূল্যবান ফাইবার বের করে আনছেন। ছোট জাতের গাছ থেকে ২০০ থেকে ৩০০ গ্রাম এবং বড় বিচি কলার লম্বা গাছ থেকে ৭০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত ফাইবার পাওয়া যায়। গুণগত মানভেদে এই ব্যানানা ফাইবারের বাজারমূল্য প্রতি কেজি ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রক্রিয়াটি বেশ শ্রমসাধ্য—প্রথমে গাছ কেটে নির্দিষ্ট মাপে ডুম তৈরি করা হয়, এরপর বাকল ছাড়িয়ে মেশিনের সাহায্যে ফিনিশিং দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। পাটের তুলনায় অনেক বেশি শক্ত ও টেকসই হওয়ায় এই ফাইবার দিয়ে তৈরি তুলা দিয়ে মেয়েদের স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড, পরিবেশবান্ধব ব্যাগ, হ্যান্ডিক্রাফট এবং পোশাকের সুতা তৈরি করা সম্ভব। বর্তমানে প্লাস্টিক ও সিন্থেটিক পণ্যের দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে এই ব্যানানা ফাইবার এক দারুণ টেকসই ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে।

স্থানীয় পর্যায়ে কুটিরশিল্প ও পরিবেশবান্ধব এই উদ্যোগ সঠিকভাবে বিকশিত হলে এবং যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ জনপদে কর্মসংস্থানের এক অপার সম্ভাবনার দুয়ার খুলে যাবে।