৩৬ বছর ধরে পার্টি অফিসের পাহাদার আলম
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: কোনো পদ-পদবি কিংবা ধন-সম্পদের প্রত্যাশা ছিল না কখনো। হামলা, মামলা, জেল কিংবা রিমান্ড—কোনো কিছুই দমাতে পারেনি তার দলীয় আনুগত্যকে। ১৯৮৯ সাল থেকে টানা ৩৬ বছর ধরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় আগলে রেখেছেন আলম নামের এক তৃণমূল কর্মী।
বিগত সরকারগুলোর আমলে যখন জ্যেষ্ঠ নেতারাও গ্রেপ্তার বা বাধার মুখে অফিসে আসতে পারতেন না, তখনো একাই দলীয় কার্যালয় খোলা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং জাতীয় ও দলীয় দিবসগুলোতে পতাকা উত্তোলনের মতো দায়িত্ব পালন করেছেন তিনি। এমনকি প্রতিকূল পরিবেশেও শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া থামাননি। এ কারণে হামলা, নির্যাতন, ২৯ দিনের কারাবাস ও রিমান্ড সহ্য করতে হয়েছে তাকে।
দীর্ঘ ৩৬ বছরের এই নিঃস্বার্থ ত্যাগের পর আলম জানান, ব্যক্তিগত কোনো ধন-সম্পদ বা সরকারি সুবিধার লোভ তার নেই। জীবনের শেষ প্রান্তে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার কেবল দুটি চাওয়া বা আবদার রয়েছে।
তিনি বলেন, "ভবিষ্যতে তারেক রহমান দেশে ফিরে সরকার প্রধান হলে আমি তার কাছে কোনো ধন-সম্পদ চাইব না। শুধু পবিত্র হজে যাওয়ার একটা সুযোগ চাইব, যেন মক্কা ও আরাফাতের ময়দানে দাঁড়িয়ে জিয়া পরিবার ও দেশের সব নেতাকর্মীর জন্য প্রাণ খুলে দোয়া করতে পারি। আর মাস্টার্স সম্পন্ন করা আমার ছেলেটার জন্য একটি চাকরির সুযোগ চাইব।"
তৃণমূলের এই বয়োবৃদ্ধ কর্মী জানান, নেতারা ও স্থানীয় ছোট ভাইয়েরা ভালোবেসে তাকে যে সামান্য টাকা-পয়সা দেয় এবং নিজের অল্প কিছু জমির চাষাবাদ থেকেই সংসারের চাকা চলে। জীবনের শেষ দিন পর্যন্ত জিয়াউর রহমানের আদর্শে এবং দলের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এই নিষ্ঠাবান কর্মী।
