বিড়ালের খাবার ও এক্সেসরিজ নিয়ে গাইবান্ধায় এল বিশেষায়িত দোকান পেট কিংডম
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: শহরে পোষা বিড়ালপ্রেমীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও অতিরিক্ত দামের দৌরাত্ম্য কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন এক তরুণ উদ্যোক্তা। বিড়ালের খাবার, লিটার বক্স, এক্সেসরিজ থেকে শুরু করে জীবনরক্ষাকারী বিভিন্ন ভ্যাকসিন—সবকিছু এক ছাদের নিচে নিয়ে গাইবান্ধায় চালু হয়েছে ‘পেট কিংডম’ নামের একটি বিশেষায়িত দোকান। পশুপাখির প্রতি ভালোবাসা এবং পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই ব্যতিক্রমী ব্যবসা অল্পদিনেই স্থানীয় পেটরেন্ট বা বিড়ালপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উদ্যোক্তা এর আগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দীর্ঘ সাড়ে তিন বছর ভেটেরিনারি সার্জনদের সাথে কাজ করেছেন। সেই সুবাদে বিড়াল, কুকুরসহ বিভিন্ন পশুপাখির চিকিৎসা ও পরিচর্যার ওপর নিপুণ অভিজ্ঞতা অর্জন করেন তিনি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর চাকরির পেছনে না ছুটে স্বাধীনভাবে কিছু করার তাগিদ অনুভব করেন। বাজার ঘুরে তিনি দেখতে পান যে, গাইবান্ধায় পোষা প্রাণীর খাদ্যের দাম তুলনামূলক বেশি এবং মানসম্মত সামগ্রী পাওয়া কঠিন। পরবর্তীতে শিক্ষকদের পরামর্শ ও প্রায় ২ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে তিনি এই ব্যবসা শুরু করেন। শুরুর দিকে মানুষ বিড়ালের খাবার ও ভ্যাকসিনের দোকান নিয়ে তেমন গুরুত্ব না দিলেও, প্রথম এক মাসেই প্রায় ৮০-৯০ হাজার টাকার পণ্য বিক্রি করে তিনি আশানুরূপ সাফল্য পেয়েছেন। বর্তমানে গাইবান্ধা শহরের ভেতরে হোম ডেলিভারির পাশাপাশি তিনি বিড়ালের মারাত্মক ফ্লু ও র্যাভিজ (জলাতঙ্গ) ভ্যাকসিন দেওয়ার বিষয়ে গ্রাহকদের নিয়মিত সচেতন করে যাচ্ছেন।
চাকরির গণ্ডি পেরিয়ে নিজের সৃজনশীলতা ও সেবাধর্মী মানসিকতা নিয়ে গড়ে ওঠা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রামীণ জনপদ ও শহরে নতুন ধারার ব্যবসার এক চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে।