গাইবান্ধার সুন্দরগঞ্জে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হচ্ছে হাজার মেগাওয়াট বিদ্যুৎ
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: একসময়ের অবহেলিত, তপ্ত ও জনশূন্য বালুচর আজ পরিণত হয়েছে দেশের জ্বালানি খাতের অন্যতম বড় শক্তিকেন্দ্রে। প্রকৃতির অপার সূর্যালোকে কাজে লাগিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরে গড়ে ওঠা ‘তিস্তা সোলার লিমিটেড’ দেশের বিদ্যুৎ খাতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। নদীমাতৃক এই অঞ্চলে অব্যবহৃত বালুভূমিকে সম্পদে রূপান্তর করার এমন উদ্যোগ জাতীয় অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালে প্রাথমিক কাজ শুরুর পর দীর্ঘ কর্মযজ্ঞ শেষে ২০২৩ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এই বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে ৬৫০ একরের অধিক এলাকা জুড়ে বসানো হয়েছে ৫ লাখ ১৫ হাজারেরও বেশি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল। এখান থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, যা দেশের বিদ্যুতের ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হলো এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। প্রথাগত বিদ্যুৎ উৎপাদনে যেখানে প্রতি মাসে কোটি কোটি টাকার ডিজেল বা জীবাশ্ম জ্বালানি পোড়াতে হতো, সেখানে এই সোলার প্লান্টের কারণে প্রতি মাসে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ লিটার ডিজেল (যার আর্থিক মূল্য প্রায় ৯ কোটি টাকা) সাশ্রয় হচ্ছে। এর ফলে প্রতি মাসে প্রায় ৬৬০ মেট্রিক টন কার্বন নিঃসরণ থেকে পরিবেশ রক্ষা পাচ্ছে। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, বরং বিশাল এই চরের সোলার প্যানেলগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা ও গ্রিন বেল্ট অংশে ৩ হাজারেরও বেশি আম গাছ, ৩ হাজার লেবু গাছ এবং ড্রাগন ফলসহ নানা ফলজ উদ্ভিদ রোপণ করে এক স্নিগ্ধ সবুজ পরিবেশ গড়ে তোলা হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে, সোলার প্যানেলে সূর্যালোক পড়ার পর উৎপাদিত ডিসি কারেন্ট ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্টে রূপান্তরিত হয় এবং ইনভার্টার ডিউটি ট্রান্সফর্মারের সাহায্যে ৩৩ হাজার ভোল্টে এবং পরবর্তীতে পাওয়ার ট্রান্সফর্মারের মাধ্যমে ১ লক্ষ ৩২ হাজার ভোল্টে উন্নীত করে মোট ১২২টি ট্রান্সমিশন টাওয়ারের মাধ্যমে তা জাতীয় গ্রিডে সফলভাবে সঞ্চালিত হচ্ছে। একবার সোলার প্লান্ট স্থাপনের পর খুবই সামান্য রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর বা তার অধিক সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া সম্ভব বিধায় এর স্থায়িত্ব ও কার্যকারিতা অত্যন্ত প্রশংসনীয়।
অব্যবহৃত ও রিক্ত বালুভূমিকে কাজে লাগিয়ে দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ার এই মহতি উদ্যোগ উত্তরঞ্চলের তথা সমগ্র বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে এক অনন্য মাইলফলক হয়ে উঠেছে।