কলা গাছের বর্জ্য থেকেই লাখ টাকার সম্ভাবনা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: গাছে কলা ধরার পর এতদিন যে কলার গাছ বা কান্ড কৃষক ভাইয়েরা অপ্রয়োজনীয় বর্জ্য হিসেবে কেটে ফেলে দিতেন বা পচিয়ে ফেলতেন, আজ তা থেকেই তৈরি হচ্ছে লাখ টাকার মূল্যবান সম্পদ। পরিবেশবান্ধব এই উদ্ভাবনের ফলে গ্রামীণ জনপদে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বর্জ্য থেকে তৈরি এই সুতা বা ফাইবার এখন কেবল স্থানীয় চাহিদা মেটাচ্ছে না, বরং আন্তর্জাতিক বাজারেও এর বিপুল সম্ভাবনার দুয়ার খুলে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা অঞ্চলের উদ্যোমী তরুণরা স্থানীয় কৃষকদের সহযোগিতায় পরিত্যক্ত কলাগাছ সংগ্রহ করে অভিনব কায়দায় ফাইবার তৈরির কাজ শুরু করেছেন। ফল কাটার পর কৃষকরা নির্দিষ্ট মাপে (তিন ফুট আকারে) কলার কাণ্ড কেটে সরবরাহ করেন। এরপর আধুনিক মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাতকরণ, ধোয়ামোচা ও রোদে শুকানোর মাধ্যমে তৈরি হয় চকচকে ও শক্তিশালী ব্যানানা ফাইবার। একটি মাঝারি বা বড় আকারের বিচি কলার গাছ থেকে প্রায় ২০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত ফাইবার বা সুতা পাওয়া সম্ভব। এই ফাইবারের গুণগত মান এতটাই উন্নত যে, এটি দিয়ে মেয়েদের স্যানিটারি প্যাড বা ন্যাপকিনের তুলা, চিকিৎসায় ব্যবহৃত উচ্চমানের সুতা, হ্যান্ডিক্রাফট এবং টেকসই পোশাক তৈরি করা যায়। বর্তমানে দেশীয় বাজারে প্রতি কেজি ফাইবার ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হচ্ছে। চীন, জাপান ও ভারতের মতো উন্নত দেশগুলোতে ব্যানানা ফাইবারের ব্যাপক চাহিদা থাকলেও দেশে পর্যাপ্ত কটন মিল ও প্রক্রিয়াজাতকরণের বড় অবকাঠামো না থাকায় কাঁচামাল হিসেবে এটি সীমাবদ্ধ থাকছে। পরিবেশ দূষণকারী প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে বিশ্বজুড়ে যখন প্রাকৃতিক ফাইবারের কদর বাড়ছে, তখন সঠিক নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে এই খাত থেকেই কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অবহেলায় ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করে আত্মনির্ভরশীলতার যে অনন্য নজির স্থাপন করা হয়েছে, তা গ্রামীণ কুটির শিল্প ও পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী পরিবর্তনের বার্তা বয়ে এনেছে।